কৃষকের কামড়ে প্রাণ গেল সাপের

ভারতের উত্তরপ্রদেশের হার্দৌই জেলার পুষ্পাতলি গ্রামে ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। সাপের কামড়ে আক্রান্ত হওয়ার পর এক কৃষক রাগে উল্টো সাপটিকেই কামড়ে মেরে ফেলেছেন!
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ জানায়, ৪ নভেম্বর ধানক্ষেতে কাজ করছিলেন ২৮ বছর বয়সী কৃষক পুণিত। হঠাৎ একটি কালো কোবরা এসে তার পায়ে জড়িয়ে ধরে কামড়ে দেয়। কিন্তু আতঙ্কিত না হয়ে পুণিত উল্টো সাপটিকে ধরে তার মাথায় কামড়ে দেন।
পুণিত বলেন, “সাপ কামড় দেওয়ার পর ভয় পাইনি। প্রচণ্ড ব্যথা হচ্ছিল, কিন্তু রাগে আমি সাপটাকে ধরে কামড়ে দিই।”
স্থানীয়রা জানান, ঘটনাস্থলেই সাপটি মারা যায়। পরে গ্রামবাসীরা দ্রুত পুণিতকে হার্দৌই মেডিকেল কলেজে নিয়ে যায়। চিকিৎসকরা তাকে অ্যান্টি-ভেনম দিয়ে পর্যবেক্ষণে রাখেন। তার অবস্থা এখন সম্পূর্ণ স্বাভাবিক।
চিকিৎসক ডা. শের সিং বলেন, “সাপকে কামড়ানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ। সামান্য বিষ মুখ বা মাড়ির ভেতর ঢুকলেও তার প্রাণহানির আশঙ্কা ছিল।”
পুণিতের চাচাতো ভাই অমন কুমার বলেন, “প্রথমে আমরা ভেবেছিলাম সে মজা করছে। কিন্তু পরে দেখি সত্যিই সাপটা মারা গেছে। এখন গোটা গ্রাম এই ঘটনাতেই সরগরম।”
চিকিৎসকরা সতর্ক করেছেন, সাপের কামড় কখনোই সাহস বা প্রতিশোধ দেখানোর বিষয় নয়; এটি জরুরি চিকিৎসার বিষয়। পুণিত নিজেও পরে বলেন, “তখন কী ভেবে করেছি জানি না, এখন বুঝি খুবই বোকামি করেছিলাম। ভাগ্য ভালো যে বেঁচে গেছি।”



