এক সপ্তাহে আরও ২০ বার ভূমিকম্পে কাঁপতে পারে বাংলাদেশ!

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণায় গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহিকায় একটি লুকানো ভূ-চ্যুতি শনাক্ত হয়েছে, যা বাংলাদেশের জন্য বড় ভূমিকম্পের আশঙ্কা তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে, এ চ্যুতিতে শক্তি সঞ্চিত হতে থাকায় দেশে সর্বোচ্চ ৯ মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
এদিকে সাম্প্রতিক কয়েক দিনে ভূমিকম্পের ঘনঘন উপস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারী জানিয়েছেন, দুই দিনে চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে। পরিস্থিতি অনুযায়ী আগামী সপ্তাহে আরও অন্তত ২০ বার ভূকম্পন ঘটতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তাঁর মতে, ৫.৭ মাত্রার চেয়েও শক্তিশালী কোনো কম্পন হলে অল্প সময়ের ব্যবধানে বড় দুর্যোগের ঝুঁকি তৈরি হতে পারে। তিনি নরসিংদীকেই সাম্প্রতিক ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল হিসেবে উল্লেখ করেন।
বিশেষজ্ঞরা বলছেন, ভারত, ইউরেশিয়া এবং বার্মা—এই তিনটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় বাংলাদেশ ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি অঞ্চল। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের রুবাইয়াত কবির জানান, প্লেটগুলো আটকানো অবস্থা থেকে ধীরে ধীরে খুলে যাচ্ছে। ভারতীয় প্লেট যদি ইউরেশীয় প্লেটের সঙ্গে সংঘর্ষে যায়, তাহলে বাংলাদেশ ভয়াবহ ভূমিকম্পের মুখে পড়তে পারে।
২০১৬ সালের গবেষণায় গঙ্গা–ব্রহ্মপুত্র অববাহিকায় পললস্তরের নিচে বিস্তৃত ‘মেগাথার্স্ট ফল্ট’ শনাক্ত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বলেন, সিলেট থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত এই সংযোগস্থলে গত ৮০০ থেকে হাজার বছরে জমা হওয়া শক্তি এখনো মুক্ত হয়নি—এ অঞ্চল তাই কার্যত ‘রিং অব ফায়ার’-এর মতোই বিপজ্জনক।
ঘোড়াশালের ফাটল থেকে সংগ্রহ করা মাটির নমুনা পরীক্ষা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ। বিভাগের সাবেক অধ্যাপক আ স ম ওবায়দুল্লাহ জানান, পরীক্ষার ফল পাওয়া গেলে ভূমিকম্পের গভীরতা ও প্রকৃতি আরও স্পষ্ট হবে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, টেকনাফ–মিয়ানমার ফল্ট লাইনে ১৭৬২ সালের ৮.৫ মাত্রার ভূমিকম্পে সেন্টমার্টিন দ্বীপ প্রায় ৩ মিটার ওপরে উঠে এসেছিল। সেই এলাকায় নতুন করে শক্তি সঞ্চিত হচ্ছে। প্লেটের চলন অব্যাহত থাকায় বাংলাদেশকে আরও শক্তিশালী ভূমিকম্পের সম্ভাবনার জন্য প্রস্তুত থাকতে হবে।
তথ্যসূত্র: বিডি লাইভ ২৪



