আন্তর্জাতিক খবর
প্রধান খবর

নেপালে মসজিদে ভাঙচুর ঘিরে সহিংসতা, কারফিউ জারি; ভারত-নেপাল সীমান্ত বন্ধ

নেপালের দক্ষিণাঞ্চলীয় পার্সা জেলায় একটি মসজিদে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে তীব্র সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেপাল প্রশাসন সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ভারত নেপালের সঙ্গে সীমান্ত সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর পার্সা জেলার বীরগঞ্জ শহরে বিক্ষোভ শুরু হয়, যা দ্রুত সহিংস রূপ নেয়। পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসন বীরগঞ্জে কারফিউ জারি করে।

পুলিশ জানায়, ধানুষা জেলার কমলা মিউনিসিপ্যালিটির সাখুয়া মারান এলাকায় একটি মসজিদে ভাঙচুর চালানো হয়। ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে রোববার (৪ জানুয়ারি) সকালে বীরগঞ্জে প্রতিবাদ শুরু হয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে এবং পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। একটি স্থানীয় পুলিশ স্টেশনেও ভাঙচুর চালানো হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় ছয় রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। উত্তেজনা অব্যাহত থাকায় সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। পরে নিরাপত্তা উদ্বেগের কারণে কারফিউ মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত বাড়ানো হয়।

এদিকে উত্তেজনার প্রেক্ষিতে ভারত-নেপাল সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্তরক্ষী বাহিনী সশস্ত্র সীমা বল (এসএসবি) জরুরি পরিষেবা ছাড়া সব ধরনের যাতায়াত বন্ধ করে দিয়েছে। ভারত-নেপাল সংযোগকারী মৈত্রী ব্রিজে কড়া নজরদারি, তল্লাশি ও ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে।

নেপালের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

তথ্যসূত্র: এনডিটিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button