
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় অবস্থানরত এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে তার পরিবার ও স্থানীয় সূত্র। নিহত ব্যক্তির নাম মুহিবুর রহমান। তিনি মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সম্পদপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, মুহিবুর রহমান রুশ সামরিক বাহিনীর সঙ্গে কাজ করতেন। আমতৈল ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইকবাল আহমেদ পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের সদস্যরা জানান, মুহিবুর প্রথমে উচ্চশিক্ষার উদ্দেশ্যে মেক্সিকোতে গিয়েছিলেন। পরে সেখানে ভিসা বাতিল হয়ে গেলে তিনি রাশিয়ায় চলে যান। গত কয়েক বছর ধরে তিনি সেখানেই বসবাস করছিলেন।
মুহিবুরের ছোট ভাই হাবিবুর রহমান বলেন, তার ভাই পরিবারের সদস্যদের জানিয়েছিলেন যে তিনি রুশ সেনাবাহিনীতে রাঁধুনি হিসেবে কাজ করতেন। গত বছর তিনি দেশে ফিরে বিয়ে করেন এবং কিছুদিন পর আবার রাশিয়ায় চলে যান।
হাবিবুর রহমান আরও জানান, রাশিয়ায় থাকা মুহিবুরের সহকর্মী মেহেদী হাসান পরিবারকে মৃত্যুর খবর দেন। তার ভাষ্য অনুযায়ী, প্রায় এক সপ্তাহ আগে একটি বাঙ্কারে ইউক্রেনের ড্রোন হামলায় মুহিবুর নিহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার পরিবার মৃত্যুর খবর পেলেও গতকাল রাতে বিষয়টি এলাকায় ব্যাপকভাবে জানাজানি হয়। প্রতিবেশীরাও মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে ঠিক কবে এই ঘটনা ঘটেছে, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
আমতৈল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোশাহিদ হোসেন বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকেই তিনি বিষয়টি জানতে পেরেছেন। মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলামও জানান, ইউপি চেয়ারম্যানের মাধ্যমে তিনি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন।
নিহতের স্বজনরা তার মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। মুহিবুর রহমান ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। পরিবারের সদস্যকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন স্বজনরা।
তথ্যসূত্র: দি ডেইলি স্টার



