ফ্লোরিডায় উদ্ধার দ্বিতীয় মরদেহটি নাহিদা সুলতানা বৃষ্টির, নিশ্চিত করল পুলিশ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি-র বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।
শুক্রবার বৃষ্টির ভাইকে ফোন করে বিষয়টি জানায় ফ্লোরিডা পুলিশ ডিপার্টমেন্ট।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা জানান, পরিবারের অনুরোধে বৃষ্টির মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ওয়াশিংটন ডিসি-তে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং মিয়ামি-তে বাংলাদেশ কনস্যুলেট যৌথভাবে এ প্রক্রিয়া শুরু করেছে।
উল্লেখ্য, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-র পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি গত ১৬ এপ্রিল নিখোঁজ হন। প্রায় ১০ দিন পর টাম্পা বে এলাকায় একটি সেতুর কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় তার রুমমেট হিশাম আবুঘরবেহ-কে গ্রেপ্তার করা হয়।
হিলসবরো কাউন্টি আদালতে দাখিল করা নথিতে বলা হয়, লিমনকে ধারালো অস্ত্রের একাধিক আঘাতে হত্যা করা হয়েছে এবং তার মরদেহ উদ্ধার করা হয় হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে।
এদিকে একই এলাকার কাছ থেকে উদ্ধার হওয়া আরেকটি খণ্ডিত মরদেহের পোশাকের সঙ্গে সিসিটিভিতে শেষবার দেখা বৃষ্টির পোশাকের মিল পাওয়া যায়। পরবর্তীতে সেটিই নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বলে নিশ্চিত করে পুলিশ।
তথ্যসূত্র: বণিক বার্তা



