১৮৭ কোটি টাকায় বিক্রি হলো মাইকেল জ্যাকসনের রিসোর্ট

পপস্টার মাইকেল জ্যাকসনের বিলাসবহুল রিসোর্ট ‘নেভারল্যান্ড র্যাঞ্চ’ বিক্রি হয়ে গিয়েছে। ২ কোটি ২০ লাখ ডলারে (বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৮৭ কোটি টাকা) রিসর্টটি কিনে নিয়েছেন জ্যাকসনের সাবেক বন্ধু রন বার্কল।
জানা গেছে, ক্যালিফোর্নিয়ায় ২ হাজার ৭০০ একরের উপর গড়ে তোলা হয়েছে ওই রিসর্টটি। ২০১৫ সালে ওই রিসর্টের দাম ধার্য হয়েছিল ১০ কোটি ডলার। কিন্তু গত বছরে সেই দাম দাঁড়ায় ৩ কোটি ১০ লাখ ডলারে। তিনি যখন খ্যাতির শিখরে ১৯৮৭ সালে এই রিসর্টটি ১ কোটি ৯৫ লাখ ডলারে কিনেছিলেন জ্যাকসন। নাম দিয়েছিলেন ‘নেভারল্যান্ড র্যাঞ্চ’। রিসর্টের ভিতরে বিনোদন চত্বর গড়ে তোলেন। একটি চিড়িয়াখানাও রয়েছে।
এই নেভারল্যান্ডই ১৯৯০-২০০০ সাল পর্যন্ত বিতর্কের কেন্দ্র হয়ে উঠেছিল। জ্যাকসনের বিরুদ্ধে শিশুদের যৌন হেনস্থার যে অভিযোগ উঠেছিল, তার সঙ্গে এই রিসর্টের নামও জড়িয়ে গিয়েছিল। যদিও জ্যাকসন সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন। ২০০৫ সালে জ্যাকসনের বিরুদ্ধে এক কিশোরকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। তার বিচারও চলে। পরে বেকসুর খালাস পান তিনি। সেই ঘটনার পর র্যাঞ্চে আর ফেরেননি জ্যাকসন। ২০০৯ সালে লস অ্যাঞ্জেলেসের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।



