যুক্তরাষ্ট্রে “হ্যালোইন’ উৎসবের ছুটিতে গোলাগুলি, নিহত ১২

যুক্তরাষ্ট্রের হ্যালোইন উৎসবের ছুটিতে পুরো সপ্তাহজুড়ে ব্যাপক গোলাগুলিতে ১২ জন নিহত হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন জানায়, গোলাগুলিতে অন্তত ৫২ জন আহত হয়েছে।
গান ভায়োলেন্স আর্কাইভ এবং স্থানীয় সংবাদ মাধ্যম এবং পুলিশের রিপোর্টের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।
সিএনএন জানাচ্ছে, স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যে হ্যালোইন পার্টিতে গুলিবর্ষণ করা হয়। কাউন্টি শেরিফ অফিসের বরাতে সিএনএন জানায়, ওই গোলাগুলির ঘটনায় ৩ জন নিহত হয়।
এছাড়া অন্তত ১২ জন আহত হয়েছেন। শেরিফ অফিস থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টহলরত পুলিশ সার্জেন্ট গোলাগুলি হওয়া এলাকায় ১০ থেকে ১২টি গুলির শব্দ শুনেছেন।
এদিকে কলোরাডোতে গুলিবিদ্ধ হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ২ জন আহত হয়েছে। রোববার সকালে কেন্টাকির লুইসভিলেতে গুলিতে ২ নিহত হয়েছে।
রোববার টেক্সাসের হাউস্টনে গুলিতে এক তরুণী নিহত হয়েছেন। এছাড়া টেক্সাসের টেক্সারকানায় বন্দুকধারীর গুলিতে ১ জন নিহত হয়েছে। এছাড়া অন্তত নয়জন আহত হয়েছেন।
শনিবার রাতে ক্যালিফোর্নিয়ার গিলরোতে গুলিবর্ষণের ঘটনায় ১ নিহত হয়েছে। এছাড়া শনিবার সকালে ক্যালিফোর্নিয়ার সেকরেমনতো এলাকায় গুলিতে ২ নিহত হয়েছে।
সিএনএন জানিয়েছে করোনাভাইরাস মহামারী চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রে গোলাগুলির ঘটনার সংখ্যা বেড়েছে।
গান ভায়োলেন্স আর্কাইভ অনুসারে, এই বছর এখন পর্যন্ত ৫৯৯ টি গোলাগুলির ঘটনা ঘটেছে। ২০২০ সালে ৬১১ এবং ২০১৯ সালে ৪১৯ টি ঘটনা ঘটেছিল।



