আন্তর্জাতিক খবর

ইসরাইলের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন পুতিন

ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের কাছে ক্ষমা চেয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ৫ মে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে। বৃহস্পতিবার এ খবর জানা গেছে বিবিসির এক প্রতিবেদনে।

যদিও, পুতিনের ক্ষমা চাওয়ার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

বিবৃতিতে বলা হয়, লাভরভের মন্তব্যের জন্য প্রেসিডেন্ট পুতিন ক্ষমা চেয়েছেন। প্রধানমন্ত্রী নাফতালি বেনেট তা গ্রহণ করেছেন।

এছাড়া ইহুদি জনগণ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের স্মৃতির প্রতি পুতিনের মনোভাব পরিষ্কার করার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন বেনেট।

১ মে ইতালির একটি টেলিভিশনে ইউক্রেন সংকট নিয়ে প্রশ্ন করা হয় লাভরভকে।
জবাবে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট ইহুদি হলেই যে ইউক্রেনে নাৎসিরা নেই তা প্রমাণ হয় না। আমার ভুল হতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি, হিটলারের শরীরেও ‘ইহুদি রক্ত’ ছিল। এমনকি তীব্র ইহুদিবিদ্বেষীদের অনেকেই ইহুদি।

তার এমন মন্তব্যের পর ইসরাইলের রাজনীতিকদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে। ঘটনার ব্যাখ্যা চেয়ে দেশটিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করা হয়।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button