আন্তর্জাতিক খবর

ইসরাইলকে সহায়তাকারী ১৫৮ কোম্পানির তালিকা প্রকাশ

ছবি: সংগৃহীত

জাতিসংঘের হালনাগাদ তালিকায় পশ্চিমতীরে অবৈধ বসতিতে কার্যক্রম চালানো ১৫৮ কোম্পানি। অধিকৃত পশ্চিমতীরে অবৈধ ইসরাইলি বসতিতে কার্যক্রম চালানো কোম্পানিগুলোর হালনাগাদ ডেটাবেজ প্রকাশ করেছে জাতিসংঘ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জেনেভা থেকে প্রকাশিত এ তালিকায় এয়ারবিএনবি, বুকিং ডটকম, মটোরোলা সলিউশন্স ও ট্রিপ অ্যাডভাইজরের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানও রয়েছে। খবর আল জাজিরার।

জাতিসংঘের প্রকাশিত তালিকায় মোট ১১টি দেশের ১৫৮টি কোম্পানির নাম রয়েছে। এর মধ্যে বেশিরভাগই ইসরাইলভিত্তিক। বাকিগুলো কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক এ প্রসঙ্গে বলেন, পশ্চিমতীরে ইসরাইলের বসতি স্থাপন কার্যক্রম যুদ্ধাপরাধের শামিল। তিনি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে মানবাধিকার লঙ্ঘনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

জাতিসংঘ জানিয়েছে, যেসব কোম্পানি বসতিতে নির্মাণকাজ, নজরদারি, উচ্ছেদ বা কৃষিজমি ধ্বংসের মতো কর্মকাণ্ডে জড়িত, শুধু তাদেরই তালিকাভুক্ত করা হয়েছে। সংস্থাটি স্পষ্ট করেছে, এ তালিকা কোনো বিচারিক বা আধা-বিচারিক প্রক্রিয়া নয়; বরং সংঘাতপূর্ণ অঞ্চলে ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর দায়িত্ববোধ জোরদারের একটি প্রচেষ্টা।

প্রথম তালিকা প্রকাশিত হয় ২০২০ সালে। তখন থেকেই এ উদ্যোগকে ঘিরে বিতর্ক তৈরি হয়। ইসরাইল ও যুক্তরাষ্ট্র জাতিসংঘের এই পদক্ষেপকে কঠোরভাবে সমালোচনা করেছিল। ইসরাইলের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজ একে ‘লজ্জাজনক আত্মসমর্পণ’ বলে আখ্যা দিয়েছিলেন।

তথ্যসূত্র : আল জাজিরা

এই বিভাগের অন্য খবর

Back to top button