১০ বছরের সাজা নিয়ে ফেরারি, করতেন ফ্রি-ল্যান্সিং

বিস্ফোরক ও অস্ত্র আইনে করা মামলায় দশ বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজিবি) সংগঠক শরিফুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেরিজম ইউনিট (এটিইউ)।
শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে রাজধানী ঢাকার উত্তর পশ্চিম থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শরিফুজ্জামান আরো কয়েকটি নামেও পরিচিত। সেগুলো হলো মিন্টু, ওবায়দুল্লাহ, মাহি ও শরিফ।
গ্রেফতার হওয়া ৩৫ বছর বয়সী শরিফুজ্জামান রাজশাহীর বোয়ালিয়া উপজেলার মেহেরচন্ডী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সাহাদাৎ হোসেন।
এটিইউ সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৭ অক্টোবর ঢাকার তুরাগ থানাধীন আশুলিয়া বাইপাস রোডে অভিযান চালিয়ে হুজিবির সংগঠক শরিফুজ্জামানসহ আরো বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। ওই সময় তাদের কাছ থেকে একটি ম্যাগজিনসহ পিস্তল, ৩২ রাউন্ড গুলি, এক হাজার ১৩৫ টি এসএমজির গুলি, ২টি এক হাজার ৫০০ গ্রাম ওজনের উচ্চ বিস্ফোরক, ১১০টি ফিট কডেক্স, ৫টি ডিটোনেটর, ১টি ব্লাস্টিং মেশিন ও ৮টি ককটেল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে রাজধানীর তুরাগ থানায় বিস্ফোরক ও অস্ত্র আইনে মামলা করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, বিস্ফোরক ও অস্ত্র আইনে মামলায় জামিনে বের হয়ে পলাতক ছিলেন শরিফুজ্জামান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শরিফুজ্জামান একটি বেসরকারি বিশ^বিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেন। এবং ফ্রি -ল্যান্সিং করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। তিনি দীর্ঘদিন রাজধানীর উত্তর পশ্চিম থানা এলাকায় আত্মগোপনে থেকে স্ত্রী ও দুই সন্তানসহ বসবাস করে আসছিলেন।
এসএ


