লাইফস্টাইল
প্রধান খবর

লাল চা না গ্রিন টি—কোনটি কখন উপকারী? জানাচ্ছেন পুষ্টিবিদরা

লাল চা ভালো নাকি গ্রিন টি—এমন প্রশ্ন স্বাস্থ্যসচেতন অনেক মানুষের মনেই ঘোরে। মজার বিষয় হলো, গ্রিন টি ও লাল চা দুটিই একই উদ্ভিদ ক্যামেলিয়া সিনেনসিস গাছের পাতা থেকে তৈরি। পার্থক্য তৈরি হয় মূলত প্রক্রিয়াজাতকরণের ধরনে। এ কারণেই দুটির স্বাদ, রং ও স্বাস্থ্যগুণে ভিন্নতা দেখা যায়।

বিশেষজ্ঞরা বলছেন, দুই ধরনের চা-ই স্বাস্থ্যের জন্য উপকারী। তবে অতিরিক্ত পান করলে উল্টো ক্ষতির সম্ভাবনাও রয়েছে। তাই কোন সময় কোন চা পান করবেন—তা জানা জরুরি।

পুষ্টিবিদদের মতে, গ্রিন টি তুলনামূলকভাবে কম প্রক্রিয়াজাত হওয়ায় এতে প্রচুর অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে, যা শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। অন্যদিকে, লাল চা সম্পূর্ণভাবে অক্সিডাইজড, ফলে এর স্বাদ তীব্র এবং ক্যাফেইনের পরিমাণ তুলনামূলক বেশি।

প্রতি কাপ লাল চায়ে সাধারণত ৪০ থেকে ৭০ মিলিগ্রাম ক্যাফেইন থাকে। এটি দ্রুত শরীরকে চাঙ্গা করে, মনোযোগ ও কর্মক্ষমতা বাড়ায়। তাই সকালে বা কাজের চাপে থাকা সময় লাল চা বেশ কার্যকর। এটি ক্লান্তি দূর করে এবং ঘুমঘুম ভাব কাটাতে সাহায্য করে।

অন্যদিকে, প্রতি কাপ গ্রিন টি-তে ক্যাফেইন থাকে ২০ থেকে ৪৫ মিলিগ্রাম। তবে এতে থাকা এল-থিয়ানিন নামক অ্যামাইনো অ্যাসিড মনকে শান্ত রাখে, অতিরিক্ত উত্তেজনা সৃষ্টি করে না। ফলে বিকাল বা রাতে গ্রিন টি পান করলে ঘুমের সমস্যা হওয়ার আশঙ্কা কম থাকে।

বিশেষজ্ঞরা বলছেন,

  • সকাল বা ব্যস্ত সময়ে: লাল চা
  • বিকাল বা সন্ধ্যার পর: গ্রিন টি

এই নিয়ম মেনে চললে দুই ধরনের চা থেকেই সর্বোচ্চ স্বাস্থ্য উপকার পাওয়া সম্ভব।

সুতরাং, লাল চা ও গ্রিন টি—দুটিই উপকারী। সময় ও পরিস্থিতি বুঝে সঠিক চা বেছে নিলেই শরীর ও মনের জন্য মিলবে সেরা ফল।

এই বিভাগের অন্য খবর

Back to top button