
নিজস্ব প্রতিবেদক: বেস্ট ফ্রেন্ড বা ঘনিষ্ঠ বন্ধু দিবস আজ সোমবার (৮ জুন)। প্রতি বছর ৮ জুন বিশ্বজুড়ে দিনটি উদযাপন করা হয়।
বন্ধু সবারই থাকে, কিন্তু বেস্ট ফ্রেন্ড বা সবচেয়ে কাছের বন্ধু হয় বিশেষ কেউ। রক্তের সম্পর্ক না হলেও যিনি সুখ-দুঃখের সব অনুভূতির অংশ হয়ে ওঠেন, তিনিই হয়ে ওঠেন প্রিয় বন্ধু বা বেস্ট ফ্রেন্ড।
বন্ধুত্বকে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক হিসেবে বিবেচনা করা হয়। জীবনের প্রতিটি ভালো-মন্দ মুহূর্ত ভাগ করে নেওয়ার মতো একজন সত্যিকারের বন্ধু থাকলে জীবন অনেক সহজ ও সুন্দর হয়ে ওঠে। এই দিনটি সেই বন্ধুর প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা ও মূল্যায়ন প্রকাশের সুযোগ করে দেয়।
ইতিহাস
ইতিহাস অনুযায়ী, ১৯৩৫ সালের ৮ জুন যুক্তরাষ্ট্রের কংগ্রেস এই দিনটিকে স্বীকৃতি দেয়। পরে আগস্ট মাসের প্রথম রোববারকে জাতীয় বন্ধুত্ব দিবস এবং ৮ জুনকে বিশ্ব বেস্ট ফ্রেন্ডস ডে হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়। সময়ের সাথে সাথে বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে দিনটি বিশ্বজুড়ে জনপ্রিয়তা পায়।
এই দিনটি মূলত প্রিয় বন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং জীবনে তার গুরুত্ব স্মরণ করিয়ে দেওয়ার জন্য পালন করা হয়।
কীভাবে পালন করবেন
দিনটি উদযাপনের জন্য প্রিয় বন্ধুর সঙ্গে সময় কাটানো, তার পছন্দের কিছু উপহার দেওয়া বা সরাসরি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করা যেতে পারে। ব্যস্ততার মাঝেও ছোট্ট এই উদ্যোগ বন্ধুত্বকে আরও দৃঢ় করে তোলে।

