
“আমার বিয়ে হয়ে গেছে, আট মাস হয়ে গেছে-আমি এটা পাবলিক করিনি।” একটি পডকাস্টে এসে এভাবেই নিজের ব্যক্তিগত জীবনের বড় খবরটি প্রকাশ করেন তরুণ রাজনীতিক আসিফ মাহমুদ সজীব ভুইয়া।
জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের অন্যতম কনিষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যুক্ত হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেননি। তরুণ বয়স, সরব রাজনৈতিক অবস্থান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতির কারণে তিনি অনেক তরুণ-তরুণীর কাছে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন।
সম্প্রতি ‘Speak with Rashid’ নামের একটি পডকাস্টে হাজির হয়ে আসিফ মাহমুদ জানান, সামাজিক মাধ্যমে পরিচয়ের মাত্র ২৫ দিনের মাথায় পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। গত আট মাস বিষয়টি গোপন রেখেছিলেন তিনি ও তার স্ত্রী-যৌথ সিদ্ধান্তেই এমনটি করা হয় বলে জানান তিনি।
তিনি বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে অপপ্রচার ও অযাচিত আক্রমণের আশঙ্কায় বিয়ের বিষয়টি প্রকাশ করা হয়নি। তবে দীর্ঘদিন বিষয়টি গোপন রাখা সম্ভব নয় বলেই অবশেষে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন তিনি।
বিয়ের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ শুভকামনা জানিয়েছেন, আবার কেউ আক্ষেপ প্রকাশ করেছেন। পডকাস্টের মন্তব্য ঘরেও সেই প্রতিক্রিয়া স্পষ্ট। এমনকি ব্যক্তিগত জীবন গোপন রাখার প্রসঙ্গে কেউ কেউ তাকে শাকিব খান-এর সঙ্গে তুলনাও করেছেন-যদিও এ বিষয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি।
পডকাস্টে ব্যক্তিগত প্রসঙ্গের পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনাও উঠে আসে। আলোচনার একপর্যায়ে তিনি জানান, বর্তমানে চাকরির খোঁজ করছেন। প্রত্যাশিত বেতন নিয়ে উপস্থাপকের সঙ্গে হাস্যরসাত্মক কথোপকথনও দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করে।
সব মিলিয়ে রাজনৈতিক পরিচয়ের বাইরে ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় প্রকাশ করে আবারও আলোচনায় উঠে এলেন এই তরুণ নেতা।
তথ্যসূত্র: জনকণ্ঠ



