জাতীয়
প্রধান খবর

দেশে আরও ৬ শিশুর মৃত্যু, হামের উপসর্গে প্রাণহানি বেড়ে ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। তারা সবাই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন করে আরও ৬৯১ জনের শরীরে হামের সংক্রমণ বা উপসর্গ শনাক্ত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট ৮১৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষাগারে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়ে মারা গেছে ৯৫ শিশু। আর হামের লক্ষণ ও উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৭২১ জন।

এ সময়ে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ২৭২ জনে। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে মোট ১ লাখ ২২ হাজার ৭৬৩ জন।

তাদের মধ্যে ১ লাখ ৫ হাজার ২৯৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে এখন পর্যন্ত ১ লাখ ১ হাজার ৫৩৫ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঢাকা বিভাগ। গত চার মাসে (১৫ মার্চ থেকে ২৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত) শুধু ঢাকা বিভাগেই হাম ও হামের উপসর্গে ৩৭৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে এ বিভাগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ হাজার ৫৭৫ জনে।

তথ্যসূত্র: একাত্তর টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button