
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে প্রাণ গেছে ৮৮৫ জনের।
বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ৯৪১ জন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮৪ জন।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৭৮৬ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮৫ জনে।
এ সময়ে হামের উপসর্গসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ১২৫ জন। আর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৪৬৯ জন।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ লাখ ২১ হাজার ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮২৭ জন।
দেশে হাম পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত পর্যবেক্ষণ ও আক্রান্তদের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।
তথ্যসূত্র: যমুনা টিভি


