“বঙ্গবন্ধুর পলাতক খুনিদের সন্ধান দিলে আকর্ষণীয় পুরস্কার’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার অপরাধে দণ্ড পাওয়া পলাতক পাঁচ খুনির সন্ধান দিলে পারলে আকর্ষণীয় পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
সোমবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু ৪৮ তম শাহাদাত বার্ষিকীর আলোচনায় একথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ৫ খুনির তথ্য দিন, সরকার পুরস্কার দেবে।
১৯৭৫ সালের ১৫ই অগাস্ট কয়েকজন সেনা কর্মকর্তা ও সদস্যরা হত্যা করে বাংলাদেশের স্বাধীনতার রূপকার বঙ্গবন্ধুকে। সেই কাল রাতে হত্যা করা হয় তার সহধর্মিণী, তিন ছেলেসহ পরিবারের ১৮ জন সদস্যকে।
বঙ্গবন্ধু হত্যার অপরাধে ছয় খুনির ফাঁসির রায় কার্যকর হয়েছে। কিন্তু আত্মস্বীকৃত খুনিদের মধ্যে পাঁচজন এখনো পলাতক।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক পাঁচ খুনি হচ্ছে- লে. কর্নেল এসএইচএমবি নূর চৌধুরী (অব্যাহতি), লে. কর্নেল এএম রাশেদ চৌধুরী (অব্যাহতি), লে. কর্নেল শরিফুল হক ডালিম (অব্যাহতি), লে. কর্নেল আবদুর রশিদ (বরখাস্ত) ও রিসালদার (বরখাস্ত) মোসলেহ উদ্দিন।
এদের মধ্যে রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে এবং নূর চৌধুরীর কানাডায় রয়েছেন। এদের বাসার সামনে প্রবাসীদের মাসে একবার প্রতিবাদ করার পরামর্শ দেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, এই দুইজন সেসব দেশে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে।



