জাতীয়
প্রধান খবর

হাসপাতালে ভিড় করবেন না: প্রধান উপদেষ্টা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২১ জুলাই) এক ভিডিও বার্তায় তিনি বলেন, “বিমান দুর্ঘটনায় সারাদেশ হতবাক। এটি কারও কল্পনার মধ্যেও ছিল না। আমরা নিজেদেরই জবাব দিতে পারছি না— নিহতদের পরিবারকে কী জবাব দেব?”

তিনি বলেন, “আমার বলার ভাষা নেই। এখনও হাসপাতালে আহতরা মৃত্যুর সঙ্গে লড়ছেন। অনেক মা-বাবা সন্তানদের খুঁজে ফিরছেন। দুর্ঘটনার তদন্ত হবে ঠিকই, কিন্তু নিহতরা তো আর ফিরে আসবে না।”

আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা অনুরোধ করেন, “অপ্রয়োজনে হাসপাতালে ভিড় করবেন না। এতে চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন ঘটছে। দেশবাসীকে আহ্বান জানাচ্ছি, হতাহতদের জন্য প্রার্থনা করুন।”

দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০-এ, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৭১ জন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান জানান, নিহতদের মধ্যে সাতজনের পরিচয় এখনও শনাক্ত হয়নি। আহতদের মধ্যে শতাধিক শিশু রয়েছে, এদের মধ্যে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

এই মর্মান্তিক ঘটনায় সরকার আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এদিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে। নিহত ও আহতদের জন্য সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

উল্লেখ্য, সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুলের ভবনে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে আগুন ধরে গেলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট, সেনাবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান শেষ ঘোষণা করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button