অন্যান্য

হুজুররা শুধু ওয়াজ করে, এই ধারণার পরিবর্তন আনতে হবে: আহমাদুল্লাহ

ধর্মীয় ও প্রাতিষ্ঠানিক জ্ঞানে সমৃদ্ধ হয়ে দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করে যাচ্ছে আলেম সমাজ—এমন মন্তব্য করেছেন বিশিষ্ট ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, “হুজুররা শুধু ওয়াজ করেন—এমন ধারণার পরিবর্তন আনতে হবে।”

শনিবার (১ নভেম্বর) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তামিরুল মিল্লাত কামিল মাদরাসার প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশন অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।

শায়খ আহমাদুল্লাহ বলেন, “সারা দেশে জুলাই গণঅভ্যুত্থান যে দ্বীনি জাগরণ সৃষ্টি করেছে, সেখানে মাদরাসা শিক্ষার্থীদের অবদান অনস্বীকার্য। দেশের মানুষের মাদরাসা শিক্ষার্থীদের প্রতি প্রত্যাশা অনেক। অতীতে ধর্মপ্রাণ মানুষদের দমিয়ে রাখা হলেও, যত দমন করা হয়েছে—ততই বিকশিত হয়েছে আলেম সমাজ।”

তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানের পর সাধারণ মানুষের মধ্যে আলেমদের প্রতি আগ্রহ বেড়েছে। মানুষের মধ্যে ধর্মীয় জ্ঞানের তীব্র চাহিদা রয়েছে, কিন্তু সে অনুযায়ী উপযুক্ত আলেমের অভাব আছে। ধর্মীয় ও আধুনিক শিক্ষায় সমৃদ্ধ হয়ে এই শূন্যতা পূরণ করতে হবে।”

তামিরুল মিল্লাত মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীদের উল্লেখ করে শায়খ আহমাদুল্লাহ বলেন, “দেশের অনেক সফল মানুষ এখান থেকেই গড়ে উঠেছেন। তরুণ সমাজকে বিপথে নিতে কিছু বিদেশি সংস্থা কাজ করছে, তবে আলেম সমাজ যদি দৃঢ়ভাবে দাঁড়ায়, তাহলে কোনো বিদেশি সংস্কৃতি এই দেশে চাপিয়ে দেওয়া সম্ভব হবে না।”

দেশপ্রেম ও আত্মত্যাগের আহ্বান জানিয়ে তিনি বলেন, “অনেকে শিক্ষিত হয়ে নিজের স্বার্থে বিদেশে চলে যায়, কিন্তু আলেম সমাজকে দেশের প্রতি ভালোবাসা থেকে এই মাটিতেই থাকতে হবে। আলেমদের জ্ঞান ও দীক্ষা শুধু মুসলমান নয়, সব ধর্মের মানুষের মধ্যেও মানবিক বিবেক জাগ্রত করবে।”

তথ্যসূত্র: বিডি ২৪ লাইভ

এই বিভাগের অন্য খবর

Back to top button