অন্যান্য
প্রধান খবর

মুক্তিযুদ্ধের বিশ্ববন্ধু সাংবাদিক মার্ক টালি আর নেই

মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বজনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা খ্যাতনামা সাংবাদিক মার্ক টালি আর নেই। রোববার (২৫ জানুয়ারি) ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুর খবর নিশ্চিত করেছে বিবিসি হিন্দি।

মার্ক টালির স্ত্রী মার্গারেট ও চার সন্তান লন্ডনে থাকলেও তিনি নিজে দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছিলেন।

মুক্তিযুদ্ধ ও মার্ক টালি

১৯৭১ সালে বিবিসির দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালনের সময় বাঙালির পক্ষে দৃঢ় অবস্থান নেন মার্ক টালি। সীমান্তবর্তী শরণার্থীশিবির, পাকিস্তানি বাহিনীর নৃশংসতা এবং যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের মানুষের দুর্দশার বাস্তব চিত্র তার প্রতিবেদনে উঠে আসে। এসব রিপোর্ট আন্তর্জাতিক মহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিশালী জনমত গড়ে তুলতে বড় ভূমিকা রাখে।

জন্ম ও কর্মজীবন

যুক্তরাজ্যের নাগরিক মার্ক টালির জন্ম ১৯৩৫ সালের ২৪ অক্টোবর ভারতের কলকাতার টালিগঞ্জে। ব্যবসায়ী বাবার সঙ্গে শৈশবের একটি বড় সময় কলকাতায় কাটালেও ৯ বছর বয়সে তিনি ইংল্যান্ডে ফিরে যান। সেখানেই তার স্কুল ও কলেজ জীবন। একসময় ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দিলেও তা ছেড়ে দিয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ইতিহাস ও ধর্ম বিষয়ে পড়াশোনা শুরু করেন, যদিও সেই পড়াশোনা শেষ করেননি।

সম্মাননা ও অবদান

মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান করে। ভারত সরকার তাকে পদ্মশ্রীপদ্মভূষণ সম্মানে ভূষিত করে। নিজ দেশ যুক্তরাজ্য থেকেও তিনি নাইটহুড খেতাব লাভ করেন।

বিবিসি থেকে অবসর নেওয়ার পরও সাংবাদিকতা থেকে দূরে সরে যাননি মার্ক টালি। ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজের পাশাপাশি তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বই লিখেছেন, যেখানে দক্ষিণ এশিয়ার রাজনীতি, সমাজ ও ইতিহাস উঠে এসেছে গভীর বিশ্লেষণে।

মুক্তিযুদ্ধের এক অকৃত্রিম বন্ধু হিসেবে বাংলাদেশের ইতিহাসে মার্ক টালির নাম চিরস্মরণীয় হয়ে থাকবে।

তথ্যসূত্র: কালবেলা

এই বিভাগের অন্য খবর

Back to top button