
আকাশপ্রেমীদের জন্য আজ এক বিশেষ দিন। ২০২৬ সালের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ-যা ‘রিং অব ফায়ার’ নামেও পরিচিত-আজ সোমবার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাবে। তবে বাংলাদেশের দর্শকদের জন্য কিছুটা হতাশার খবর হলো, এই বিরল মহাজাগতিক দৃশ্যটি বাংলাদেশ থেকে দেখা যাবে না।
গতকাল রোববার আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গ্রহণটি বাংলাদেশ সময় বিকাল ৫টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হবে এবং শেষ হবে রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ডে। অর্থাৎ প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এ প্রক্রিয়া চলবে।
যেসব অঞ্চল থেকে দেখা যাবে
বাংলাদেশে দৃশ্যমান না হলেও দক্ষিণ গোলার্ধের বিভিন্ন অঞ্চল থেকে গ্রহণটি উপভোগ করা যাবে। বিশেষ করে-
- আর্জেন্টিনা
- চিলি
- দক্ষিণ আফ্রিকা
- অ্যান্টার্কটিকা
এসব এলাকার আকাশে সূর্যের চারপাশে অগ্নিবলয়ের মতো দৃশ্য ফুটে উঠবে।
বলয়গ্রাস সূর্যগ্রহণ কী?
যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে এমন দূরত্বে অবস্থান করে যে সে সূর্যকে পুরোপুরি ঢাকতে পারে না, তখন সূর্যের চারপাশে উজ্জ্বল আংটির মতো অংশ দেখা যায়। জ্যোতির্বিজ্ঞানে একে বলা হয় বলয়গ্রাস সূর্যগ্রহণ বা অ্যানুলার সোলার ইক্লিপস।
পূর্ণগ্রাস সূর্যগ্রহণের মতো সম্পূর্ণ অন্ধকার না নামলেও, এ সময় সূর্যের চারপাশে আগুনের বলয়ের মতো আলোকচ্ছটা তৈরি হয়-যা থেকেই এসেছে ‘রিং অব ফায়ার’ নামটি।
বাংলাদেশে দৃশ্যমান না হলেও আন্তর্জাতিক বিভিন্ন মহাকাশ সংস্থার সরাসরি সম্প্রচারের মাধ্যমে আকাশপ্রেমীরা এই বিরল দৃশ্য উপভোগ করতে পারবেন।
তথ্যসূত্র: বণিক বার্তা



