রাজনীতি
প্রধান খবর

খালেদা জিয়া এখনো সংকটাপন্ন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখনো সংকটাপন্ন। শুক্রবারের মতো শনিবারও তাঁর শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হয়নি। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, বর্তমান শারীরিক অবস্থায় তাঁকে বিদেশে নেওয়ার মতো স্থিতি নেই। তবে অবস্থার অগ্রগতি হলে প্রয়োজনীয় ভিসা ও যোগাযোগসহ প্রস্তুতি আগেই এগিয়ে রাখা হয়েছে।

শনিবার গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জন হপকিন্স, লন্ডন ক্লিনিকসহ দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা পর্যালোচনা করছেন। শুক্রবার রাতে তারা দীর্ঘসময় বোর্ড সভা করে চিকিৎসার ধরন নিয়ে মতামত দিয়েছেন।

এভারকেয়ার হাসপাতালের সামনে রাতে পৃথক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, চিকিৎসকের নির্দেশনা তিনি গ্রহণ করতে পারছেন, তবে অবস্থা এখনো সংকটমুক্ত নয়। তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

বিএনপি মহাসচিব বলেন, প্রয়োজন হলে বিদেশে নেওয়ার সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। তবে তিনি এখনো উড়োজাহাজে ভ্রমণের উপযোগী নন। শারীরিক অবস্থা স্থিতিশীল হলে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতালের সামনে অতিরিক্ত ভিড়ে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হওয়ায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের সেখানে ভিড় না করার অনুরোধ জানিয়েছে দলটি।
ডা. জাহিদ জানান, জন হপকিন্স, মাউন্ট সিনাই, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, চীন ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের চিকিৎসকদের সঙ্গে সমন্বয়ে তাঁর চিকিৎসা চলছে।

বিএনপির বিভিন্ন নেতা হাসপাতালে এসে বলেন, খালেদা জিয়া ‘ক্রিটিক্যাল কিন্তু স্ট্যাবল’। চিকিৎসকের নির্দেশনা অনুসরণ করতে পারছেন, তবে অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি।

এদিকে খালেদা জিয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা দোয়া ও শুভকামনা জানিয়েছেন। শুক্রবার দেশব্যাপী মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং গতকাল ঢাবির কেন্দ্রীয় মসজিদেও মিলাদ ও দোয়া মাহফিল করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন জানান, সামান্য উন্নতি হলেই তাঁকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা রয়েছে এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ আগেই করা হয়েছে।

তথ্যসূত্র: কালের কণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button