স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান
আজ রাতেই বিএনপির চেয়ারম্যান নির্বাচনের সম্ভাবনা

বিএনপির স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক ডেকেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
দলটির এক সিনিয়র নেতা জানান, এটি নিয়মিত শিডিউলের কোনো বৈঠক নয়। ফলে নির্দিষ্ট কোনো এজেন্ডা নির্ধারণ করা হয়নি। তবে বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, এই বৈঠকেই তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করা হতে পারে।
উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ইন্তেকাল করেন। তার মৃত্যুতে দলীয় কর্মকাণ্ডে কিছুটা স্থবিরতা এলেও ধীরে ধীরে শোক কাটিয়ে রাজনৈতিক সিদ্ধান্তে ফিরছে দলটি। নতুন বছরের শুরু এবং সামনে জাতীয় সংসদ নির্বাচন—সব মিলিয়ে দলটির নেতৃত্ব কাঠামো পুনর্গঠনের বিষয়টি এখন গুরুত্ব পাচ্ছে।
দলীয় সূত্র জানায়, বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরাই তারেক রহমানকে পূর্ণাঙ্গভাবে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পরামর্শ দিয়েছেন।
এর আগে গত ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দু-এক দিনের মধ্যেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করা হবে।’
উল্লেখ্য, ২০১৮ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। এরপর থেকে তিনি দলটির সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
তথ্যসূত্র: বণিক বার্তা



