রাজনীতি
প্রধান খবর

‘ভাই ব্যবসা’ নয়, রাজনীতিতে যোগদানের কারণ জানালেন স্নিগ্ধ

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নানা গুঞ্জনের মুখে প্রকাশ্যে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন জুলাই শহীদ মীর মুগ্ধ-এর ভাই মীর স্নিগ্ধ। ভাই হত্যার বিচার নিশ্চিত করতেই তিনি রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

রোববার (২৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ কথা জানান।

‘এভাবে ন্যায়বিচার সম্ভব নয় বুঝেই রাজনীতিতে’

ফেসবুক পোস্টে মীর স্নিগ্ধ লেখেন, ভাই হত্যার বিচারের জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করেছেন তিনি। কিন্তু একপর্যায়ে বুঝতে পারেন, প্রচলিত পথে ন্যায়বিচার পাওয়া সম্ভব নয়।
সে কারণেই রাজনৈতিকভাবে বিচার নিশ্চিত করার লক্ষ্যে রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন।

তিনি লেখেন,

“মাত্র ২০ টাকার একটি ফর্ম পূরণ করে রাজনীতিতে যুক্ত হই-এই আশায় যে বিচার নিয়ে রাজনৈতিকভাবে কাজ করতে পারব।”

জুলাই ফাউন্ডেশনে বিনা পারিশ্রমিকে কাজ

নিজের কর্মকাণ্ডের ব্যাখ্যা দিতে গিয়ে স্নিগ্ধ জানান, দেশের বাইরে পড়াশোনা করে নিশ্চিত ভবিষ্যৎ গড়ার সুযোগ ছেড়ে দিয়ে তিনি জুলাইয়ে শহীদ ও আহতদের জন্য কাজ করতে যুক্ত হন জুলাই ফাউন্ডেশন-এর সঙ্গে। সেখানে তিনি কোনো পারিশ্রমিক নেননি বলেও উল্লেখ করেন।

তার ভাষায়,

“আমি একা ছিলাম না। ছাত্র উপদেষ্টা থেকে শুরু করে জুলাই আন্দোলনের আরও পরিচিত মুখ এই ফাউন্ডেশনে যুক্ত ছিলেন। সবাই মিলে সর্বোচ্চ সততার সঙ্গে কাজ করার চেষ্টা করেছি।”

‘বাসে ধাক্কা খেতে খেতে মন্ত্রণালয়ে ঘুরেছি’

স্মৃতিচারণ করতে গিয়ে মীর স্নিগ্ধ লেখেন, পাবলিক বাসে ধাক্কা খেতে খেতে এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে ঘুরে তিনি ফাউন্ডেশনটিকে দাঁড় করানোর চেষ্টা করেছেন।
এই সময় ফ্রিল্যান্সিং থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ায় তার ক্যারিয়ার প্রায় তলানিতে ঠেকে যায় বলেও উল্লেখ করেন তিনি।

‘ভাই ব্যবসা’ অভিযোগের কড়া জবাব

যারা তার বিরুদ্ধে ‘ভাই ব্যবসা’র অভিযোগ তুলছেন, তাদের উদ্দেশে পাল্টা প্রশ্ন রাখেন মীর স্নিগ্ধ। তিনি বলেন,

“এখন বলুন-আমি কীভাবে ‘ভাই ব্যবসা’ করলাম? এই দেশে কেউ দায়িত্ব পালন করলে সে সৎভাবেও দায়িত্ব পালন করতে পারে-এই বিশ্বাসটা আমরা কেন রাখতে পারি না?”

তিনি আরও প্রশ্ন তোলেন, কোনো প্রমাণ ছাড়াই কীভাবে কাউকে অসৎ বলে ট্যাগ দেওয়া হয়। তার মতে, তাহলে কি ভাই হত্যার বিচারের জন্য কাজ না করে নিজের নিশ্চিত ভবিষ্যতের দিকেই চলে যাওয়া তার জন্য শ্রেয় হতো?

রাজনীতি মানেই ব্যবসা নয়

পোস্টের শেষাংশে মীর স্নিগ্ধ লেখেন,

“প্রশ্ন রেখে গেলাম-রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া মানেই কি সে ব্যবসায়ী? রাজনীতি তো কোনো ব্যবসা নয়। আর যারা রাজনীতিকে ব্যবসা বানিয়েছে-আপনারা কি তাদেরই বারবার জিতিয়ে দিচ্ছেন না?”

তার এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে-বিশেষ করে জুলাই আন্দোলনের শহীদদের বিচার ও রাজনীতিতে নতুন মুখদের ভূমিকা নিয়ে।

তথ্যসূত্র: কালবেলা

এই বিভাগের অন্য খবর

Back to top button