রাজনীতি
প্রধান খবর

‘মিডিয়া আর মিডিয়া নেই, বিজনেস হাউজের প্রতিনিধি হয়ে গেছে’ – মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সময়ে গণমাধ্যম তার প্রকৃত ভূমিকা থেকে সরে গিয়ে অনেকাংশে ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিতে পরিণত হয়েছে।

রোববার (১৪ জুন) জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “মিডিয়া আর এখন মিডিয়া নেই। এটি এখন বিজনেস হাউজের প্রতিনিধি হয়ে গিয়েছে। চাটুকারিতা কাকে বলে, এখন মিডিয়াকে দেখলে বোঝা যায়।”

তিনি আরও বলেন, “আমরা গত শাসনামলে দেখেছি কীভাবে চাটুকারিতা হয়েছে। আমরা আশা করবো, আপনারা এখন সেখান থেকে বের হয়ে এসেছেন। এর বিরুদ্ধে লড়াই করেছেন, সেটিকে ইতিবাচকভাবে কাজে লাগাবেন। সরকার আপনাদের সঙ্গে আছে।”

অনুষ্ঠানে তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রের বিভিন্ন খাতের উন্নয়ন ও পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বাংলাদেশি জাতীয়তাবাদের বিকাশে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

বিএনপি মহাসচিবের ভাষ্য, জিয়াউর রহমান গণতন্ত্রকে একটি কার্যকর শাসনব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন এবং স্বাধীনতা-পরবর্তী ভঙ্গুর অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছিলেন।

আলোচনা সভায় জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরে মির্জা ফখরুল বলেন, সাধারণ মানুষের সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল বলেই মৃত্যুর পর তার জানাজায় রেকর্ডসংখ্যক মানুষ অংশ নিয়েছিল।

তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক গণমাধ্যম টাইম ম্যাগাজিনও একসময় জিয়াউর রহমানের সাধারণ ও সাদামাটা জীবনযাপন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল।

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন

এই বিভাগের অন্য খবর

Back to top button