রাজনীতি
প্রধান খবর

দল থেকে বহিষ্কার হলেই এমপি পদ যাবে না: নির্বাচন কমিশনার

শুধু রাজনৈতিক দল থেকে বহিষ্কার হওয়ার কারণে কোনো সংসদ সদস্যের (এমপি) পদ বাতিল হয় না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, সংসদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাওয়ার পর আইন ও সংবিধান অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, দল থেকে বহিষ্কার করা হলে সংবিধান অনুযায়ী এমপি পদ স্বয়ংক্রিয়ভাবে শূন্য হয় না। তবে কোনো সদস্য দল থেকে পদত্যাগ করলে তার সদস্যপদ বাতিলের বিষয়টি প্রযোজ্য হতে পারে। সংসদের স্পিকারের মাধ্যমে এ বিষয়ে রেফারেন্স বা চিঠি এলে কমিশন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন। অক্টোবরকে সামনে রেখে প্রস্তুতি চলছে। আবহাওয়া, সরকারি পরীক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় রেখে নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা হবে।

সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার (২২ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামী গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করে।

তথ্যসূত্র: জাগো নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button