স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া

প্রায় চার মাস পর আবারও হাসপাতালে গেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ মঙ্গলবার বিকেলে ৪টার পরে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এর আগে বিকেল পৌনে ৪টার দিকে গুলশানের বাসা থেকে বের হয়ে হাসপাতালে উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া।
করোনায় আক্রান্ত হওয়ার পর চলতি বছরের ২৭ এপ্রিল তাঁকে এই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৫৪ দিন চিকিৎসা নিয়ে গত ১৯ জুন বাসায় ফেরেন খালেদা জিয়া। বাসায় ফেরার পর শুরুতে কিছুটা ভালোই ছিলেন খালেদা জিয়া। করোনার টিকাও নিয়েছেন। সেপ্টেম্বরের শুরুতে শারীরিক অবস্থার অবনতি হলে আবার হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। কিন্তু তিনি রাজি না হওয়ায় সেটা সম্ভব হয়নি বলে জানা গেছে।
বিএনপি চেয়ারপারসনের এক চিকিৎসক বলেন, ম্যাডামের বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে থেকে চিকিৎসা নেওয়াই ভালো। কিন্তু উনি রাজি হবেন কি-না জানি না। তিনি রাজি থাকলে আমরা তাঁকে হাসপাতালে ভর্তি করাতে চাই।



