রাজনীতি

খালেদার উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে গণঅনশন কর্মসূচি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো দাবিতে গণঅনশন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামীকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল পিপলস পার্টি- এনপিপি’র ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে’ এক আলোচনা সভায় এ কর্মসূচি ঘোষণা দেন।

মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে গণঅনশন কর্মসূচি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। আশা করছি আপনারা সবাই থাকবেন, সবাইকে আমাদের কর্মসূচি যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। 

এসময় বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য সকলকে এক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গণতন্ত্রে এবং খালেদা জিয়ার মুক্তি আলাদা করে দেখার কোনও অবকাশ নেই। আমাদের দেশকে রক্ষা করতে হলে, জনগণকে রক্ষা করতে হলে, গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনতে হলে; আমাদের বাতিঘর বেগম খালেদা জিয়াকে সুষ্ঠু করতে হবে, মুক্তি করতে হবে।’

আয়োজক সংগঠনের চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, জাগপা একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমান, এলডিপি একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর প্রমুখ বক্তৃতা করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button