“ছাত্রলীগ’র ছেলেদের সিগারেট খাওয়া দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেব’

ছাত্রলীগের কোনো ছেলে কখনো সিগারেট হাতে নেয়নি বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। তিনি বলেন, আড়াইহাজারে ছাত্রলীগের ছেলেদের সিগারেট খাওয়া দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেব।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে শহীদ মঞ্জুর স্টেডিয়ামে উপজেলা ছাত্রলীগ ও সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় ছাত্রলীগের কোনো বদনাম নেই উল্লেখ করে বাবু বলেন, ছাত্রলীগের ইতিহাস মধুর। দু-একটি ঘটনা অনাকাঙ্ক্ষিত। সেগুলো গোনায় ধরার মতো না। শত্রুরা সব সময় কথা বলে। পত্রিকায় অনেক কিছু আসে। তবে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা কোনো অপরাধ করতে পারে না। আমার আড়াইহাজারের মুরুব্বীরা আছেন। আমার ছাত্রলীগের কোনো ছেলে কখনও সিগারেট খেয়েছে বা হাতে নিয়েছে এ ইতিহাস কেউ দেখাতে পারলে আমি আমার জায়গা থেকে পদত্যাগ করবো এবং রাজনীতি থেকে বিদায় নেব।
তিনি বলেন, আজ ছাত্রলীগের সম্মেলন। ঝড় বৃষ্টি আমাদের ঘরে রাখতে পারেনি। ছাত্রলীগ থেকে উঠে আসা নেতাদের অনেক ইতিহাস রয়েছে। তাদের মধ্যে একজন আমাদের আব্দুর রহমান, যিনি আজ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। আমরা যারা ছাত্রলীগ করি তাকে আমরা অনুসরণ করি।
করোনার সময়ও ছাত্রলীগের কেউ ঘরে যায়নি উল্লেখ করে বাবু বলেন, খাদ্য ওষুধ চিকিৎসা সেবা দিয়েছে। শেখ মুজিব যা চেয়েছিলেন আজ ছাত্রলীগ তাই করে যাচ্ছে।
এ সময় আ.লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।



