‘ড. ইউনূস যখন কথা বলছিলেন, মনে হচ্ছিল জিয়াউর রহমানের কণ্ঠ শুনছি’

মির্জা ফখরুল ইসলাম আলমগী। ছবি: সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের জাতিসংঘে দেওয়া ভাষণকে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের বক্তব্যের সঙ্গে তুলনা করেছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে আয়োজিত ‘এনআরবি কানেক্ট ডে’ অনুষ্ঠানে তিনি বলেন, “প্রফেসর ইউনূস যখন কথা বলছিলেন, তখন বারবার মনে হচ্ছিল আমি এদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কণ্ঠ শুনছি।”
ফখরুল আরও বলেন, “গণতান্ত্রিক, সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত দেশ গঠনের যে স্বপ্ন ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, সেই স্বপ্নের প্রতিধ্বনি পাওয়া গেছে প্রফেসর ইউনূসের বক্তব্যে।”
জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব উল্লেখ করেন, “বাংলাদেশের মানুষ সংগ্রামী জাতি। লড়াই তাদের সহজাত বৈশিষ্ট্য। যেকোনো সংকটে তারা জানে কীভাবে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হয়। জুলাই মাসে সেটি আবারও প্রমাণ হয়েছে।”
জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন উপলক্ষে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নিউইয়র্ক সফরে ছয়জন রাজনৈতিক নেতা তার সঙ্গে রয়েছেন। তাদের মধ্যে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং এনসিপির প্রথম সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
তথ্যসূত্র: ইত্তেফাক



