ধর্ম

আজ শ্যামাপূজা ও দীপাবলি উৎসব

সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি আজ সোমবার উদযাপিত হচ্ছে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে প্রতি বছর অনুষ্ঠিত হয় এ পূজা। শক্তি ও শান্তির প্রতীক দেবী শ্যামা মায়ের আরাধনায় হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে চলছে পূজার আয়োজন, উৎসবের আমেজে মুখরিত সারাদেশ।

দীপাবলি মূলত আলোর উৎসব—অশুভ শক্তির পরাজয় ও শুভ শক্তির বিজয়ের প্রতীক। অন্ধকার দূর করে শুভ ও কল্যাণ প্রতিষ্ঠার বিশ্বাসে এই উৎসব উদযাপন করা হয়।

দুর্গা ও কালীপূজার মধ্যে পার্থক্য হলো—দুর্গা অন্নদাত্রী ও উর্বরা শক্তির দেবী, আর কালী ঘূর্ণি প্রলয়ের প্রতীক। পুরাণ মতে, কালী দুর্গার ললাট থেকে উৎপন্না, অর্থাৎ ক্রোধরূপে প্রকাশিত দুর্গারই রূপান্তর কালী।

শাস্ত্রমতে দেবী কালীর ১১টি রূপ রয়েছে, প্রতিটির মাহাত্ম্য আলাদা। কালীপূজাকে শ্যামাপূজা বা মহানিশি পূজাও বলা হয়।

উৎসবকে ঘিরে সারাদেশের মন্দিরে বর্ণিল সাজ ও আলোকসজ্জা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। গৃহে বা মণ্ডপে মৃন্ময়ী প্রতিমা স্থাপন করে পূজা অনুষ্ঠিত হচ্ছে। লোকবিশ্বাস অনুযায়ী কালী শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী—তাই বিভিন্ন এলাকায় আয়োজন করা হয়েছে শ্মশানকালী পূজা।

রাজধানীর পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজার ও সূত্রাপুরসহ বিভিন্ন স্থানে ব্যাপক আয়োজনে পালিত হচ্ছে শ্যামাপূজা। রমনা কালীমন্দির, মা আনন্দময়ী আশ্রম, সিদ্ধেশ্বরী কালীমন্দির ও বরদেশ্বরী কালীমাতা মন্দিরেও চলছে পূজার বর্ণিল আয়োজন।

এই বিভাগের অন্য খবর

Back to top button