সারিয়াকান্দিতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ২ জনের

বগুড়ার সারিয়াকান্দিতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় অটোভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় এক যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে উপজেলার হিন্দুকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি গ্রামের ইউনুস আলীর ছেলে অটোভ্যানচালক সিয়াম মিয়া (১৫) ও যাত্রী একই এলাকার আফতাব আলীর ছেলে রাজমিস্ত্রি আবদুল ওয়ারেস (২২)।
পুলিশ ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে সিয়াম মিয়া তার ব্যাটারিচালিত অটোভ্যানে সারিয়াকান্দি সদর থেকে যাত্রী নিয়ে হিন্দুকান্দির দিকে যাচ্ছিলেন। হিন্দুকান্দি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশা সামনে থেকে অটোভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক সিয়াম, যাত্রী আবদুল ওয়ারেস ও একই এলাকায় খাতের আলীর ছেলে আল আমিন (২০) আহত হন।
পথচারীরা তাদের উদ্ধার করে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের চেষ্টা করা হয়। পথিমধ্যে সিয়াম মারা যান। ভর্তির পর রাত দেড়টার দিকে ওয়ারেছ মৃত্যুবরণ করেন। আল আমিন চিকিৎসাধীন রয়েছেন।
সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে।



