“বাবা-মা আমাকে ফ্রি ফায়ার গেম খেলতে দিত না, তাই আমি চলে গেলাম’ লিখে আত্মহত্যা

“বাবা-মা আমাকে ফ্রিফায়ার গেম খেলতে দিত না। বকাঝকা করত। তাই আমি চলে গেলাম। আমাকে আর বকাঝকা করতে হবে না।’ এমন একটি চিরকুট লিখে বগুড়ার শাজাহানপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে উম্মে হাবিবা বর্ষা (১২) নামে এক স্কুলছাত্রী। সে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
বর্ষা বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রামকৃঞ্চপুর গ্রামের সার্জেন্ট রওশন হাবিবের মেয়ে। বাবা ঢাকা ক্যান্টনমেন্টে চাকরির কারণে ঢাকায়ই থাকেন।
শাজাহানপুর উপজেলার বি-ব্লক রহিমাবাদ গ্রামে ভাড়া বাসায় মা তার দুই মেয়েকে নিয়ে বসবাস করেন।
জানা যায়, সোমবার রাতে গেম খেলার জন্য বর্ষা তার মায়ের কাছে মোবাইল ফোন চেয়েছিল। কিন্তু তার মা মোবাইল না দেওয়ায় নিজ ঘরে গিয়ে শুয়ে পড়ে বর্ষা। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে তার মা ডাকতে গিয়ে দরজা বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় আশপাশের লোকজন এসে প্রথমে জানালা ভেঙে বর্ষার ঝুলন্ত লাশ দেখতে পায়।
শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আত্মহত্যার আগে মেয়েটি চিরকুট লিখে গেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে।



