
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুরে নেশার টাকা না পেয়ে আপন দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন নাতি। রোববার (১৯ অক্টোবর ) সকাল ৮টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের চণ্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাবান আলী ফকির (৬৫) চণ্ডীপুর গ্রামের মৃত নবির আলী ফকিরের ছেলে। অভিযুক্ত নাতি একই এলাকার আশিক হোসেন রানা (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশিক হোসেন রানা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হিসেবে পরিচিত। পরিবারের কাছে জোর করে টাকা নিয়ে নেশা করে বেড়াতেন। আজ সকালেও সে তার দাদা সাবান আলী ফকিরের কাছে টাকা চায়। টাকা দিতে অস্বীকার করায় আশিক ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে আশিক লাঠি দিয়ে তার দাদার মাথায় আঘাত করে।
এতে সাবান আলী ফকির ঘটনাস্থলেই মারা যান। পরে দাদার মৃত্যু দেখে আশিক হোসেন রানা নিজেই শেরপুর থানায় এসে আত্মসমর্পন করেন।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দিন বলেন, আশিক হোসেন রানা নেশা করতে করতে ভারসাম্যহীন হয়ে পড়েছেন। তাকে গ্রেপ্তার করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



