বগুড়ায় চাল মজুত করায় দুই প্রতিষ্ঠানকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

বগুড়ার শেরপুরে চাল মজুত করায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। মজুত করা চাল আজ থেকে আগামী তিন দিনের মধ্যে বাজারে সরবরাহের নির্দেশ দেয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা সাবরিনা শারমিন এ অভিযান পরিচালনা করেন। এ সময় সেখানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন-এ-কাইয়ুম ও শেরপুর থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে উপজেলার গাড়িদহ ইউনিয়নের জোয়ানপুর এলাকায় শিনু অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজে ১ হাজার ২৪৬ মেট্রিকটন চাল, ২ হাজার ১৪৬ মেট্রিকটন ধান মজুদ রাখায় ওই প্রতিষ্ঠানের মালিককে ছয় লাখ টাকা জরিমানা করা হয়।
ও শহরের সকাল বাজার এলাকায় গৌড় গৌরাঙ্গ ভান্ডার থেকে ১০০ মেট্রিকটন অতিরিক্ত চালের মজুত রাখায় প্রতিষ্ঠানের মালিক প্রদীপ সাহাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন বলেন, ওই দুই ব্যবসাপ্রতিষ্ঠানে প্রচুর পরিমাণে চাল ও ধানের মজুত পাওয়া গেছে। আইন অমান্য করায় তাদের জরিমানা করা হয়েছে।
এসএ




