ক্রিকেট
প্রধান খবর

৪৮ ঘণ্টার মধ্যেই বোর্ড ভাঙতে পারে, এনএসসির জরুরি বৈঠক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গত অক্টোবরের নির্বাচনে অনিয়ম তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে পাঠিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আজ-কালের মধ্যেই আইসিসি থেকে এ বিষয়ে মতামত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ক্রিকেট অঙ্গনে গুঞ্জন রয়েছে, আইসিসির সিদ্ধান্তের পরই বর্তমান বিসিবি পরিচালনা পর্ষদের কার্যক্রম থেমে যেতে পারে। একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বোর্ড ভেঙে দেওয়া হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

তবে অনেকেই মনে করছেন, এত দ্রুত বিসিবির পরিচালনা পর্ষদ বিলুপ্ত করা নাও হতে পারে। আবার কেউ কেউ ধারণা করছেন, নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগেই বর্তমান পরিচালনা পর্ষদের কার্যক্রম শেষ হতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে বিসিবির এক দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, “বোর্ডে পরিচালকরা থাকলেও আমাদের কাজ করতে হবে, না থাকলেও করতে হবে। তবে এভাবে চলতে থাকলে অস্থিরতা তো থাকবেই। এমনকি যদি আজই বোর্ড ভেঙে যায়, তখনও দেখা যাবে সেই মুহূর্তে আমাদের কোনো জরুরি মেইল প্রস্তুত করতে হচ্ছে।”

এদিকে দুইদিন আগে জাতীয় ক্রীড়া পরিষদে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়। এরপর সেই প্রতিবেদন আইসিসির কাছে পাঠানো হয়। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, তদন্ত কমিটি বিসিবির নির্বাচনে পুরোপুরি স্বচ্ছতা ছিল না-এমন কিছু প্রমাণ পেয়েছে। বর্তমান পরিচালকদের মধ্যেও একাধিকজন তদন্ত কমিটিকে এ বিষয়ে তথ্য দিয়েছেন।

এর মধ্যেই আজ মঙ্গলবার জরুরি বৈঠক ডেকেছে জাতীয় ক্রীড়া পরিষদ। ধারণা করা হচ্ছে, বর্তমান পরিচালনা পর্ষদ বিলুপ্ত হলে তিন মাসের জন্য ১৫ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হতে পারে।

জানা গেছে, সম্ভাব্য অ্যাডহক কমিটির জন্য ২৫ জনের একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়েছে। সেই তালিকায় সাবেক ক্রিকেটার, সাংবাদিক ও ক্রিকেট সংগঠকদের নাম রয়েছে।

উল্লেখ্য, বিসিবির ২৫ পরিচালকের মধ্যে বর্তমানে দায়িত্বে আছেন ১৭ জন। দায়িত্ব নেওয়ার ছয় মাস না যেতেই ব্যক্তিগত কারণ দেখিয়ে ইতোমধ্যে সাতজন পরিচালক পদত্যাগ করেছেন।

সূত্র: কালবেলা

এই বিভাগের অন্য খবর

Back to top button