
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগেই দারুণ সুখবর পেয়েছে আর্জেন্টিনা। রোববার কানসাসে অনুষ্ঠিত শেষ অনুশীলনে প্রথমবারের মতো দলের ২৬ জন খেলোয়াড় একসঙ্গে অংশ নিয়েছেন। বিশ্বকাপের প্রস্তুতি শুরুর পর এই প্রথম পূর্ণ শক্তির দল নিয়ে অনুশীলন করতে পেরেছে আর্জেন্টিনা।
এর আগে চোটের কারণে একাধিক খেলোয়াড়কে আলাদা অনুশীলন করতে হয়েছিল। প্রথমে লিয়ান্দ্রো পারেদেস, পরে নিকোলাস তালিয়াফিকো এবং সর্বশেষ গনজালো মন্তিয়েল দলের বাইরে ছিলেন। তবে রোববার তারা সবাই মূল দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন।
সবচেয়ে স্বস্তির খবর এসেছে গনজালো মন্তিয়েলকে নিয়ে। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লাগার কারণে কয়েকদিন ধরে তিনি সীমিত পরিসরে অনুশীলন করছিলেন। তবে শেষ অনুশীলনে পুরোদমে অংশ নিয়ে তিনি অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত হওয়ার ইঙ্গিত দিয়েছেন।
এদিকে নিকোলাস তালিয়াফিকোর অবস্থারও উন্নতি হয়েছে। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে বাম পায়ের পেশিতে চোট পাওয়ায় তিনি খেলতে পারেননি। বর্তমানে তিনি স্বাভাবিক অনুশীলনে ফিরেছেন। ফলে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে বেঞ্চে থাকার সম্ভাবনা অনেক বেড়েছে। প্রয়োজন হলে ম্যাচের কোনো এক পর্যায়ে মাঠেও নামতে পারেন তিনি।
তবে প্রথম ম্যাচে ফাকুন্দো মেদিনা ভালো পারফরম্যান্স দেখানোয় কোচিং স্টাফ তালিয়াফিকোকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না। পুরোপুরি ফিট না হলে তাকে বিশ্রামও দেওয়া হতে পারে।
সব মিলিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পুরো স্কোয়াডকে একসঙ্গে পাওয়া আর্জেন্টিনা দলের জন্য বড় স্বস্তির খবর। এতে কোচিং স্টাফের হাতে বাড়তি বিকল্প তৈরি হয়েছে এবং অস্ট্রিয়ার বিপক্ষে আরও আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে পারবে বিশ্বচ্যাম্পিয়নরা।
তথ্যসূত্র: যুগান্তর