ফুটবল
প্রধান খবর

অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে টানা দুই জয়ে নকআউট পর্ব নিশ্চিত করলো আর্জেন্টিনা

সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। ৮ম মিনিটে বক্সের ভেতরে লাউতারো মার্টিনেজ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আলবিসেলেস্তেরা। দীর্ঘ ভিএআর পর্যালোচনার পর রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন।

তবে স্পট কিক থেকে গোল করতে পারেননি মেসি। তার শট লক্ষ্যের বাইরে চলে যায়। এর ফলে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের অনাকাঙ্ক্ষিত রেকর্ড এখন এককভাবে তার দখলে। মেসি বিশ্বকাপে মোট ৩টি পেনাল্টি মিস করেছেন।

৩৩তম মিনিটে আবারও গোলের সুযোগ পায় আর্জেন্টিনা। অস্ট্রিয়ার গোলরক্ষক শ্লাগারের ভুল ক্লিয়ারেন্স সরাসরি চলে আসে মেসির পায়ে। ফাঁকা পোস্ট লক্ষ্য করে শট নিলেও ডেভিড আলাবা দারুণভাবে গোললাইন থেকে বল ফিরিয়ে দেন।

দ্বিতীয়ার্ধের ৮২তম মিনিটে অবশেষে জাল খুঁজে পান মেসি। দলগত আক্রমণ থেকে পাওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন তিনি। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়ায় ১৭-তে। ফলে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ভেঙে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়ে যান মেসি।

এছাড়া বিশ্বকাপে টানা ৬ ম্যাচে গোল করার কীর্তিতেও ভাগ বসিয়েছেন তিনি। এতদিন এই রেকর্ড ছিল ফ্রান্সের জাস্ট ফন্টেইন ও ব্রাজিলের জেয়ারজিনহোর দখলে।

অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। হুলিয়ান আলভারেজের শট প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে ফিরলে বল পেয়ে প্রথম শট আটকে গেলেও ফিরতি বলে আর ভুল করেননি আর্জেন্টাইন অধিনায়ক।

শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা। প্রথম রাউন্ডে তাদের শেষ ম্যাচ জর্ডানের বিপক্ষে, যা অনুষ্ঠিত হবে ২৮ জুন বাংলাদেশ সময় সকাল ৮টায়।

এই বিভাগের অন্য খবর

Back to top button