ফুটবল
প্রধান খবর

নকআউট পর্বে খেলতে নামছে আর্জেন্টিনা, কেপ ভার্দেকে হালকাভাবে নিচ্ছেন না স্কালোনি

বিশ্বকাপের নকআউট পর্বে নবাগত কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে আত্মতুষ্টিতে ভুগতে নারাজ আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এই কোচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কেপ ভার্দেকে কোনোভাবেই সহজ প্রতিপক্ষ হিসেবে দেখার সুযোগ নেই।

শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের মায়ামিতে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের মুখোমুখি হবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই ইতিহাস গড়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে কেপ ভার্দে। গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে ড্র করে শেষ ৩২ নিশ্চিত করেছে আফ্রিকার দেশটি।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, “এখন থেকে প্রতিটি ম্যাচই অলিখিত ফাইনাল। হারলেই বিদায়। কেপ ভার্দে খুবই ভালো দল। তারা ভাগ্যের জোরে এখানে আসেনি। আমরা তাদের সর্বোচ্চ সম্মান দিচ্ছি।”

তিনি আরও বলেন, “সৌদি আরবের বিপক্ষে তাদেরই জেতা উচিত ছিল। স্পেন ও উরুগুয়ের বিপক্ষে তারা দারুণভাবে রক্ষণ সামলেছে। মাঝমাঠের জায়গা বন্ধ করে দ্রুত পাল্টা আক্রমণে যাওয়ার সক্ষমতাও আছে তাদের।”

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আর্জেন্টিনা বিশেষ সুবিধা পাচ্ছে— এমন গুঞ্জন প্রসঙ্গে স্কালোনি বলেন, “আমি সামাজিক মাধ্যম দেখি না। এর ইতিবাচক দিক আছে, তবে যে কেউ যা খুশি লিখতে বা বলতে পারে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। তাই এসব বিষয়ে খুব বেশি মনোযোগ দেওয়া উচিত নয়।”

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার আট গোলের মধ্যে ছয়টিই এসেছে লিওনেল মেসির পা থেকে। তবে দলকে মেসিনির্ভর বলা ঠিক হবে না বলেও মন্তব্য করেন স্কালোনি।

তিনি বলেন, “মেসি অসাধারণ খেলোয়াড় বলেই তাকে বেশি চোখে পড়ে। তবে আমাদের দলে আরও স্ট্রাইকার আছে। হুলিয়ান আলভারেজ কিংবা লাওতারো মার্তিনেজ— যে-ই খেলুক, আমরা চাই সবাই গোল করুক।”

গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিশ্রামের কারণে প্রথমার্ধে বেঞ্চে ছিলেন ৩৯ বছর বয়সী মেসি। কেপ ভার্দের বিপক্ষে তাকে আবারও শুরুর একাদশে দেখা যেতে পারে।

তবে অতিরিক্ত সময় গড়ালে মেসি কতক্ষণ খেলবেন, সে বিষয়ে আগাম কিছু বলতে চাননি স্কালোনি।

তিনি বলেন, “সবকিছু নির্ভর করবে ম্যাচের পরিস্থিতি এবং মেসির শারীরিক অবস্থার ওপর।”

এই বিভাগের অন্য খবর

Back to top button