সমর্থকদের ভোটে ফিফার বিশ্বকাপ সেরা একাদশ, নেই ইয়ামাল ও ব্রাজিলের কোনো ফুটবলার
স্পেন ও ফ্রান্সের তিনজন করে খেলোয়াড়; মেসি, এমবাপ্পে ও হল্যান্ড আক্রমণভাগে

২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষ হওয়ার তিন দিন পর সমর্থকদের ভোটে নির্বাচিত টুর্নামেন্টের অফিসিয়াল ‘সেরা একাদশ’ প্রকাশ করেছে ফিফা। ৪-৩-৩ ছকে সাজানো এই দলে সবচেয়ে বেশি তিনজন করে জায়গা পেয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন এবং সেমিফাইনালিস্ট ফ্রান্সের ফুটবলাররা।
রানার্সআপ আর্জেন্টিনা থেকে দুইজন এবং ইংল্যান্ড, নরওয়ে ও কেপ ভার্দে থেকে একজন করে খেলোয়াড় জায়গা পেয়েছেন। তবে আলোচনার জন্ম দিয়েছে স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল এবং ব্রাজিলের কোনো খেলোয়াড়ের জায়গা না পাওয়া।
গোলরক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন কেপ ভার্দের ভোজিনিয়া। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি সমর্থকদের সর্বোচ্চ ৩৯.৬ শতাংশ ভোট পেয়েছেন।
রক্ষণভাগে রয়েছেন স্পেনের মার্ক কুকুরেয়া ও পেদ্রো পোরো, আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজ এবং ফ্রান্সের দায়ো উপামেকানো।
মিডফিল্ডে জায়গা পেয়েছেন স্পেনের রদ্রি, ফ্রান্সের মাইকেল ওলিসে এবং ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম।
আক্রমণভাগে নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং নরওয়ের আর্লিং হল্যান্ড।
এমবাপ্পে টুর্নামেন্টে ১০ গোল ও ৪ অ্যাসিস্ট করে টানা দ্বিতীয়বারের মতো গোল্ডেন বুট জেতেন। অন্যদিকে মেসি ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ফিফার সমর্থক-নির্বাচিত বিশ্বকাপ সেরা একাদশ
গোলরক্ষক:
- ভোজিনিয়া (কেপ ভার্দে)
রক্ষণভাগ:
- পেদ্রো পোরো (স্পেন)
- দায়ো উপামেকানো (ফ্রান্স)
- লিসান্দ্রো মার্তিনেজ (আর্জেন্টিনা)
- মার্ক কুকুরেয়া (স্পেন)
মাঝমাঠ:
- রদ্রি (স্পেন)
- মাইকেল ওলিসে (ফ্রান্স)
- জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড)
আক্রমণভাগ:
- লিওনেল মেসি (আর্জেন্টিনা)
- আর্লিং হল্যান্ড (নরওয়ে)
- কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)