তথ্য ও প্রযুক্তি
প্রধান খবর

চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির উন্নয়নে গুগল ও মেটার মতো বিপুল বিনিয়োগ করলেও এখনো চ্যাটজিপিটিকে লাভজনক করতে পারেনি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। এআই চ্যাটবট পরিচালনার ব্যয় ক্রমেই বাড়তে থাকায় নতুন আয়ের উৎস হিসেবে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

নতুন এ পরিকল্পনা বাস্তবায়নে ইতোমধ্যে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন উপস্থাপনের বিভিন্ন পদ্ধতি ও কাঠামোর নকশা তৈরি করেছেন ওপেনএআইয়ের কর্মীরা। পরীক্ষামূলকভাবে চ্যাটজিপিটির সাইডবারে কয়েকটি বিজ্ঞাপন কাঠামোও পরীক্ষা করা হয়েছে। ফলে ভবিষ্যতে কোনো ব্যবহারকারী যদি চ্যাটজিপিটির কাছে পণ্য কেনার পরামর্শ চান, সে ক্ষেত্রে উত্তরের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্র্যান্ড বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও তথ্য দেখানো হতে পারে।

ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান প্রকাশ্যে এখনো চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন চালুর বিষয়ে তেমন আগ্রহ দেখাননি। তবে চ্যাটজিপিটির সঙ্গে ব্যবহারকারীদের দীর্ঘ ও বিস্তারিত কথোপকথনের মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করছে ওপেনএআই, যা বিজ্ঞাপনদাতাদের কাছে অত্যন্ত মূল্যবান। ফলে বিজ্ঞাপন ব্যবসায় ওপেনএআইয়ের প্রবেশ অ্যামাজন, গুগল ও মেটার দীর্ঘদিনের আধিপত্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে বিজ্ঞাপন চালু হলেও ব্যবহারকারীদের স্বাচ্ছন্দ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চায় ওপেনএআই। তাই ব্যবহারকারীদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি না হয়, সে বিষয়টি মাথায় রেখেই পরিকল্পনা করা হচ্ছে। চ্যাটজিপিটিতে কবে নাগাদ বিজ্ঞাপন চালু হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এই বিভাগের অন্য খবর

Back to top button