আবহাওয়া

শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ শুক্রবার

এ শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ হতে চলেছে ১৯ নভেম্বর (শুক্রবার)। ওইদিন পৃথিবী চলে আসবে সূর্য ও চাঁদের মাঝখানে। পৃথিবীর ছায়া চাঁদের ওপরে পড়ায় শুরু হবে গ্রহণ।

এই চন্দ্রগ্রহণ চলবে ৩ ঘণ্টা ২৮ মিনিট ২৩ সেকেন্ড। যদিও এটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ নয়। এই গ্রহণে ঢাকা পড়বে চাঁদের ৯৭ শতাংশ। তবে কেবল ১৯ তারিখ নয়, টাইম জোনের হিসাবে পৃথিবীর কিছু দেশে গ্রহণ দেখা যাবে ১৮ তারিখেও।  

মহাজাগতিক এই দৃশ্য উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং উত্তর-পূর্ব ভারতের একাংশ থেকেও দেখা যাবে।

২০০১ থেকে ২১০০-এটাই হতে চলেছে এই শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ। এই একশো বছরে মোট ২২৮টি চন্দ্রগ্রহণ দেখা যাবে। এর মধ্যে অনেক ক্ষেত্রেই এক মাসের মধ্যে দু’টি করে চন্দ্রগ্রহণ হবে। এমনকী, তিনটি গ্রহণও হবে কোনো কোনো ক্ষেত্রে।  

চন্দ্রগ্রহণ চলাকালে চাঁদের ৯৭ অংশ লাল হয়ে থাকবে যেটি ‘ব্লাড মুন’ নামেও পরিচিত। নাসার তরফে জানানো হয়েছে, চন্দ্রগ্রহণটি চরম অবস্থায় পৌঁছাবে বাংলাদেশ সময় দুপুর ২ টায়। বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণ কিছুটা দেখা যাবে। বাংলাদেশ সময় ১৯ নভেম্বর বিকেল ৫টা ১২ থেকে ২৭ মিনিটের মধ্যে এই চন্দ্রগ্রহণ শুরু হতে পারে। এটি চলবে সন্ধ্যা ৬টা ৩ মিনিট পর্যন্ত।  

গ্রহণ সবচেয়ে ভালো দেখা যাবে উত্তর আমেরিকা থেকে। আমেরিকার ৫০টি প্রদেশ ও মেক্সিকো থেকে গ্রহণের প্রতিটি মুহূর্তের সাক্ষী থাকতে পারবেন মহাকাশপ্রেমীরা। এছাড়াও অস্ট্রেলিয়া, পূর্ব এশিয়া, উত্তর ইউরোপ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকেও দেখা যাবে এই চন্দ্রগ্রহণ।

এই বিভাগের অন্য খবর

Back to top button