কাহালু উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ার কাহালুতে বাসের ধাক্কায় অটোভ্যানের দুই যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার কাহালু উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোভ্যানের দুই নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোভ্যান চালক।

সোমবার (২৫ মে) বিকেল ৪টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের কাজীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাজীপাড়া গ্রামের বাবুল তালুকদারের স্ত্রী মোছাঃ জেনি আক্তার (৩৮) এবং তার মেয়ে মোছাঃ তাইফা আয়েশা তনু (২০)। আহত অটোভ্যান চালক মোঃ শাওন (১৮) একই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেনি আক্তার ও তার মেয়ে তাইফা আয়েশা তনু দুপচাঁচিয়া থেকে চিকিৎসক দেখিয়ে অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে কাজীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এভারগ্রীন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। গুরুতর আহত হন অটোভ্যান চালক শাওন।

পরে স্থানীয়রা আহত শাওনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কাহালু উপজেলা হাসপাতালে নেয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ দুর্ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা মহাসড়কে দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button