শিক্ষা
প্রধান খবর

বিনামূল্যে স্কুল ড্রেসসহ শিক্ষার্থীদের যেসব সুবিধা দিবে সরকার

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুলড্রেস দেওয়া হবে।

বুধবার (১ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান প্রধানমন্ত্রী।

অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ৩০ মিনিট সময় বরাদ্দ ছিল। এ সময় সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীরের প্রশ্নের জবাবে বিভিন্ন খাতে সরকারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়নের অংশ হিসেবে আগামী ১৮০ দিনের মধ্যে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ হাজার শিক্ষককে ট্যাব প্রদান করা হবে। পাশাপাশি ৩ হাজার ৮৩২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে এবং ১৭২ জন শিক্ষার্থীকে ইতালিয়ান ও জাপানি ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া ২০২৬ সালের জুনের মধ্যে ৪১৮টি কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াই-ফাই সেবা চালুর পরিকল্পনার কথাও সংসদে জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আর যারা ভোট দেননি, তাদের জন্য কাজ করাও আমার দায়িত্ব। নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।’

তিনি আরও বলেন, শিক্ষাখাতের উন্নয়নে আগামী ১৮০ দিন, আগামী অর্থবছর এবং পরবর্তী পাঁচ বছরের জন্য বিভিন্ন কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুলড্রেস দেওয়া হবে।

সূত্র: সময় নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button