শিক্ষা
প্রধান খবর

এবার সারা দেশে অভিন্ন প্রশ্নে হবে এইচএসসি পরীক্ষা

আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা দেশের সব সাধারণ শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, “সারা বাংলাদেশে আমরা একক প্রশ্নে এবার পরীক্ষার ব্যবস্থা করেছি। একেক বোর্ডের সঙ্গে একেক বোর্ডের প্রতিযোগিতা থাকে। কোনো বোর্ড তুলনামূলক সহজ প্রশ্ন করে, আবার কোনো বোর্ড কঠিন প্রশ্ন করে। অথচ একই দেশের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে, সেখানে ভিন্ন ভিন্ন প্রশ্ন হওয়া যৌক্তিক নয়।”

তিনি আরও বলেন, “ও লেভেল ও এ লেভেলের পরীক্ষায়ও এক দেশ থেকে আরেক দেশে প্রশ্নপত্র ভিন্ন হয় না। তাই শিক্ষার্থীদের জন্য আরও সমতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

দুর্যোগ পরিস্থিতি নিয়ে সরকারের প্রস্তুতি

সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জানতে চান, জুলাই মাস সাধারণত প্রাকৃতিক দুর্যোগপ্রবণ সময়। কোনো বোর্ড এলাকায় দুর্যোগের কারণে পরীক্ষা নেওয়া সম্ভব না হলে অভিন্ন প্রশ্নপত্র ব্যবস্থায় কী হবে?

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, “দুর্যোগের সঙ্গে প্রশ্নপত্রের কোনো সম্পর্ক নেই। প্রশ্নপত্র আগেই সংশ্লিষ্ট এলাকায় পাঠিয়ে রাখা হয়েছে এবং তা নিরাপদ ব্যবস্থাপনায় সংরক্ষিত থাকে। যদি কোনো এলাকায় দুর্যোগের কারণে নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়া সম্ভব না হয়, তাহলে জরুরি সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের বিভিন্ন ব্যবস্থা রয়েছে।”

তিনি বলেন, “ধরুন কোনো এলাকায় সকাল ১০টায় পরীক্ষা নেওয়া গেল না। প্রশ্নপত্র তখনো কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছেই থাকবে। প্রয়োজনীয় নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করে পরবর্তী সময়ে পরীক্ষা আয়োজনের ব্যবস্থা করা হবে।”

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহ্‌দী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button