বিনোদন

জেমসের ৫৭তম জন্মদিন আজ

৫৬ পেরিয়ে আজ ৫৭ বছরে পা রাখলেন নগর বাউল মাহফুজ আনাম জেমস। ১৯৬৪ সালের ২ অক্টোবর রাজশাহীর নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন এ গায়ক, গীতিকার, গিটারিস্ট ও সুরকার। রক ব্যান্ড “ফিলিংস” (বর্তমানে নগর বাউল হিসাবে পরিচিত) এর এ রকস্টার বেড়ে ওঠেন বন্দর নগরী চট্টগ্রামে।

১৯৯০ এর দশকে ফিলিংসের মুখ্যব্যক্তি হিসাবে মূলধারার খ্যাতিতে উঠে এসেছিলেন, যা “বিগ থ্রি অফ রক” এর মধ্যে অন্যতম, যারা এলআরবি এবং অর্কের পাশাপাশি বাংলাদেশে হার্ড রক সংগীত বিকাশ ও জনপ্রিয় করার জন্য প্রশংসিত। ফিলিংসকে বাংলাদেশের সাইকেডেলিক রক এর প্রবর্তক হিসাবে বিবেচনা করা হয়। তাই তাকে প্রায়শই “গুরু” নামে অভিহিত করা হয়।

শনিবার (২ অক্টোবর) জন্মদিনকে ঘিরে জেমসের ঘরে থাকছে না কোনো আয়োজন। পারিবারিকভাবে একটা কেক কাটা হবে। সারাদিন বাসায় থাকবেন তিনি। এমনটিই জানান জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন।

জেমস নিজে থেকে কোনো আয়োজন না রাখলেও নানা আয়োজনের মাধ্যমে জেমসের জন্মদিন পালন করবেন তার ভক্তরা। গণমাধ্যমকে এমনতাই জানিয়েছেন রুবাইয়াৎ। 

ফেসবুক পোস্ট ও গণমাধ্যমের খবর বলছে, বিভিন্ন জেলার ‘দুষ্টু ছেলের দল’ নামে জেমসের ভক্তরা সারা দিনব্যাপী বিভিন্ন আয়োজন রেখেছে।

এরমধ্যে ঢাকা, খুলনা, যশোর, নরসিংদী, রংপুর, মেহেরপুর, কুড়িগ্রাম, ভোলা পটুয়াখালী, কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় জেমসের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন মিলনমেলায় দোয়ার আয়োজন রয়েছে। পাশাপাশি কেক কেটে সুবিধাবঞ্চিতদের সঙ্গে নিয়ে গান ও আড্ডার আয়োজন রেখেছে তারা।

কিশোরগঞ্জসহ বেশকিছু জায়গায় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করারও উদ্যোগ নিয়েছে জেমস ভক্তদের গ্রুপ ‘দুষ্টু ছেলের দল’।

শুধু দেশেই নয় বিদেশের মাটিতেও থাকছে জেমসের জন্মদিনের আয়োজন। জেমসের জন্মদিনকে ঘিরে ভক্তদের আয়োজন রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, দুবাইতেও।

ব্যক্তিজীবনে জেমস দুই বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রী ছিলেন রথি। তিনি ছিলেন একজন চলচ্চিত্র অভিনেত্রী। ১৯৯১ সালে বিয়ের পর ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। রথির সঙ্গে বিচ্ছেদের আগেই ২০০২ সালে জেমস বিয়ে করেন বেনজির সাজ্জাদকে। জেমসের দুইটি কন্যা সন্তান (জান্নাত এবং জাহান) ও একটি পুত্র সন্তান (দানেশ) রয়েছে।  

জেমসের বাবা ছিলেন একজন সরকারি কর্মচারী, যিনি পরবর্তীতে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সঙ্গীত জেমসের পছন্দের হলেও তার পরিবার তা পছন্দ করতো না। গানের জন্য বাবার সাথে অভিমান করে ঘর ছাড়েন তিনি কিশোর বয়সে।

চট্টগ্রামের আজিজ বোর্ডিং নামক একটি বোর্ডিং-এ তিনি থাকতে শুরু করেন। সেখানে থেকেই তার সঙ্গীতের ক্যারিয়ার শুরু হয়। এহসান এলাহী ফানটি ও কিছু বন্ধুদের নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন ‘ফিলিংস’ নামের একটি ব্যান্ড এবং ব্যান্ডের প্রধান গিটারিস্ট ও কন্ঠদাতা হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন।

চট্টগ্রাম থেকে শুরু হওয়া ব্যান্ড দল ফিলিংস এর মাধ্যমে তিনি প্রথমে খ্যাতি অর্জন করেন। পরবর্তীতে তিনি এহসান এলাহী ফানটিকে নিয়ে নগর বাউল নামে ব্যান্ড দল গঠন করেন। বাংলা ভাষায় তিনিই প্রথম সাইকিডেলিক রক শুরু করেন।

জেমস গিটার বাজানোতেও দারুণ পটু। তিনি নগরবাউল ব্যান্ডের মূল ভোকাল ও গিটারিষ্ট হলেও তিনি মূলত তার সলো ক্যারিয়ারকেই বেশি গুরত্ব দেন। অনেক গীতিকার তার জন্য সঙ্গীত রচনা করেছেন। যাদের মধ্যে কবি শামসুর রাহমান, প্রিন্স মাহমুদ, শিবলি উল্লেখযোগ্য। 

কর্মজীবনের প্রথম দিকে তিনি জিম মরিসন, মার্ক নফলার এবং এরিক ক্লাপটনের মত সঙ্গীত শিল্পীদের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। ১৯৮৭ সালে ফিলিংস ব্যান্ডের সাথে তার প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’ মুক্তি পায়। ১৯৮৮ সালে মুক্তি পায় তার প্রথম একক অ্যালবাম ‘অনন্যা’।  

বাংলা ব্যান্ড সঙ্গীতে কাজ করার কারণে পশ্চিমবঙ্গেও খুব জনপ্রিয় জেমস। সেই সূত্রে ২০০৪ সালে বাঙালি সঙ্গীত পরিচালক প্রিতমের সাথে কাজ করেন। 

২০০৫ সালে বলিউডের গ্যাংস্টার সিনেমায় তিনি প্লেব্যাক করেন। তার গাওয়া ‘ভিগি ভিগি’ গানটি ব্যপক জনপ্রিয়তা পায় এবং এক মাসেরও বেশি সময় তা বলিউড টপচার্টের শীর্ষে ছিল।

এছাড়া ২০০৬ সালে বলিউডের লামহে চলচ্চিত্রে ‘চল চলে’ গানে কন্ঠ্য দেন। ২০০৭ সালে লাইফ ইন এ মেট্রো চলচ্চিত্রেও প্লেব্যাক করেন। সর্বশেষ হিন্দি চলচ্চিত্রে তিনি প্লেব্যাক করেছেন ওয়ার্নিং নামক চলচ্চিত্রে। তার গাওয়া বেবাসি গানটি মুক্তি পায় ২০১৩ সালের সেপ্টেম্বরে। 

এই বিভাগের অন্য খবর

Back to top button