আকাশপথে ‘টাইম ট্রাভেল’: ২০২৬-এ গিয়েও আবার ফিরলেন ২০২৫-এ, দু’বার উদযাপন নববর্ষ

নতুন বছরকে বরণ করতে মানুষ কত আয়োজনই না করে। তবে ২০২৬ সালে প্রবেশের পর আবার বিমানে চড়ে ২০২৫ সালে ফিরে গিয়ে দ্বিতীয়বার নতুন বছর উদযাপন—এমন অভিজ্ঞতা খুব কম মানুষই পেয়েছেন। ঠিক এমনই এক বিরল ঘটনার সাক্ষী হয়েছেন ইউনাইটেড এয়ারলাইন্সসহ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীরা। আন্তর্জাতিক তারিখ রেখা (International Date Line) অতিক্রম করার মাধ্যমে তারা উপভোগ করেছেন এক ধরনের বাস্তব জীবনের ‘টাইম ট্রাভেল’।
যেভাবে ঘটল এই অভিনব ‘সময় ভ্রমণ’
অ্যাভিয়েশন ডেটা প্ল্যাটফর্ম OAG-এর তথ্য অনুযায়ী, মোট ১৪টি যাত্রীবাহী বিমান ২০২৬ সালের ১ জানুয়ারি যাত্রা শুরু করলেও গন্তব্যে পৌঁছায় ২০২৫ সালের ৩১ ডিসেম্বর। আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করার কারণেই এই ব্যতিক্রমী ঘটনা ঘটে।
এই তালিকায় অন্যতম ছিল ক্যাথে প্যাসিফিকের ফ্লাইট CX880 (বোয়িং ৭৭৭)। বিমানটি ১ জানুয়ারি রাত ১২টা ৩৪ মিনিটে হংকং থেকে উড্ডয়ন করে এবং প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে ৩১ ডিসেম্বর রাত ৯টা ২৮ মিনিটে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবতরণ করে।
ফলে যাত্রীরা মাঝ আকাশে একবার নতুন বছর উদযাপন করার পর লস অ্যাঞ্জেলেসে অবতরণ করে আবারও ৩১ ডিসেম্বরের রাত ফিরে পান। অর্থাৎ, একই ভ্রমণে তারা দু’বার থার্টি ফার্স্ট নাইট ও নববর্ষ উদযাপনের বিরল সুযোগ পান।
সময় ও বিজ্ঞানের বিস্ময়
এটি কোনো সায়েন্স ফিকশন বা টাইম মেশিনের কল্পকাহিনি নয়। পৃথিবীর ভৌগোলিক গঠন এবং আন্তর্জাতিক তারিখ রেখার কারণেই এই অভিজ্ঞতা সম্ভব হয়েছে। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত এই কাল্পনিক রেখাটি ক্যালেন্ডারের এক দিনকে অন্য দিন থেকে আলাদা করে। প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে এই রেখা অতিক্রম করার সময় হঠাৎ করেই একদিন পিছিয়ে যায় তারিখ ও সময়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়
এই ব্যতিক্রমী ফ্লাইটের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। অনেকেই এটিকে ‘বাস্তব জীবনের টাইম ট্রাভেল’ বলে মন্তব্য করেছেন। ইউনাইটেড এয়ারলাইন্সও তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে যাত্রীদের এই অনন্য অভিজ্ঞতার শুভেচ্ছা জানায়।
মজার বিষয় হলো, কারিগরি কারণে ফ্লাইটটির কিছুটা বিলম্ব হওয়ায় যাত্রীরা দ্বিতীয়বার নববর্ষ উদযাপনের জন্য আরও বেশি সময় হাতে পেয়েছেন—যা তাদের অভিজ্ঞতাকে করেছে আরও স্মরণীয়।
তথ্যসূত্র: যুগান্তর



