জাপান সাগরের দিকে প্রায় ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ঘিরে উত্তেজনার মধ্যেই জাপান সাগরের দিকে প্রায় ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।
শনিবার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে সুনান এলাকা থেকে পূর্ব সাগরের দিকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া ও জাপান। জাপানের জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা অন্তত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে। জাপানি সংবাদমাধ্যম NHK-এর প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি সম্ভবত জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল (EEZ)-এর কাছাকাছি গিয়ে পড়েছে।
এই ঘটনা ঘটল দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ফ্রিডম শিল্ড শুরু হওয়ার কয়েক দিনের মধ্যেই। চলমান এই মহড়া আগামী ১৯ মার্চ পর্যন্ত চলবে এবং এতে প্রায় ১৮ হাজার দক্ষিণ কোরীয় সেনা অংশ নিচ্ছে। দক্ষিণ কোরিয়ায় বর্তমানে প্রায় ২৮ হাজার ৫০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দীর্ঘদিন ধরে এই ধরনের মহড়াকে দেশটির বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে উল্লেখ করে আসছেন। গত মাসে তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার কোনো সম্পর্ক রাখার প্রয়োজন নেই এবং দেশটিকে তিনি “সবচেয়ে শত্রুভাবাপন্ন সত্তা” হিসেবে অভিহিত করেন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার সম্ভাবনার কথা বলেছেন। দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সক জানান, ট্রাম্প মনে করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক হওয়া “ভালো হবে”।
তবে যৌথ সামরিক মহড়া শুরুর আগে কিম জং উনের বোন ও ঘনিষ্ঠ সহযোগী কিম ইয়ো জং সতর্ক করে বলেন, এই মহড়া “কল্পনাতীত ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।”
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা কোরীয় উপদ্বীপে নিরাপত্তা উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।
সূত্র: আজকের পত্রিকা



