আপনার ফুলকপি নাকি বাঁধাকপি পছন্দ? পুষ্টিগুণে কে এগিয়ে

শীতের সকাল মানেই বাজারে রঙিন সবজির সমাহার। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুটি সবজি— ফুলকপি ও বাঁধাকপি। দাম কম, রান্না সহজ, আর পুষ্টিগুণেও ভরপুর। কিন্তু প্রশ্ন হলো— কোনটি বেশি উপকারী?
ফুলকপির পুষ্টিগুণ
১০০ গ্রাম কাঁচা ফুলকপিতে থাকে প্রায় ২৫–৩০ ক্যালোরি, প্রোটিন ২ গ্রাম, কার্বোহাইড্রেট ৫ গ্রাম, ফাইবার ২ গ্রাম, ভিটামিন সি ৫১ মি.গ্রা. এবং ফোলেট ৬০ মাইক্রোগ্রাম।
ফোলেট শিশুর মস্তিষ্ক–স্নায়ুতন্ত্র গঠনে গুরুত্বপূর্ণ। কোলিন মস্তিষ্কের কোষের কার্যক্রমে সহায়ক। ক্যালোরি ও কার্বোহাইড্রেট কম হওয়ায় ওজন কমানো ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে এটি উপকারী।
বাঁধাকপির পুষ্টিগুণ
১০০ গ্রামে থাকে ২০–২৫ ক্যালোরি, প্রোটিন ১.৫ গ্রাম, ফাইবার ২.৫ গ্রাম, ভিটামিন সি ৪০ মি.গ্রা., ভিটামিন কে, ক্যালসিয়াম ও পটাশিয়াম।
এতে অ্যান্টি-অক্সিডেন্ট ও গ্লুকোসিনোলেট রয়েছে, যা কোষ সুরক্ষা ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। লাল/বেগুনি বাঁধাকপিতে থাকা অ্যান্থোসায়ানিন হৃদযন্ত্রের জন্য বিশেষভাবে উপকারী।
পুষ্টি তুলনায় কে এগিয়ে?
দুটি সবজি একই ক্রুসিফেরাস পরিবারের সদস্য, তাই ক্যানসার প্রতিরোধে দুটোরই ভূমিকা রয়েছে।
- ওজন কমাতে এগিয়ে ফুলকপি — কারণ ক্যালোরি ও কার্বোহাইড্রেট কম।
- রোগপ্রতিরোধে এগিয়ে বাঁধাকপি — কারণ এতে বেশি ফাইবার ও অ্যান্টি-অক্সিডেন্ট।
শীতের দিনে খাদ্যতালিকায় দুটি সবজিই রাখা উত্তম। একদিন ফুলকপি, আরেকদিন বাঁধাকপি— সহজে পুষ্টির ভারসাম্য পাওয়া যাবে।
কারা সাবধানে খাবেন?
১. থাইরয়েড রোগী
ফুলকপি ও বাঁধাকপিতে থাকা গয়োট্রোজেনিক উপাদান থাইরয়েড হরমোন কমাতে পারে। কাঁচা নয়, ভালোভাবে সিদ্ধ করে সীমিত পরিমাণে খেতে হবে।
২. গ্যাস ও পেটফাঁপার রোগী
দুটি সবজিতেই ফাইবার ও সালফার যৌগ থাকায় গ্যাস বাড়তে পারে। যাদের অ্যাসিডিটি বা আইবিএস আছে, তাদের জন্য অস্বস্তিকর হতে পারে।
৩. কিডনি রোগী
পটাশিয়াম ও ফসফরাস বেশি থাকায় কিডনির সমস্যা থাকলে রক্তে এর মাত্রা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না।
৪. রক্তপাতলা ওষুধ ব্যবহারকারী
বাঁধাকপিতে প্রচুর ভিটামিন কে থাকে, যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। রক্তপাতলা ওষুধের সঙ্গে এটি বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে।
সারসংক্ষেপ— দুটোই দারুণ পুষ্টিকর। লক্ষ্য যদি ওজন নিয়ন্ত্রণ হয়, তবে ফুলকপি; আর রোগপ্রতিরোধ বাড়াতে হলে বাঁধাকপি আপনার সঙ্গী।



