“কান’ এ প্রকাশিত হতে যাচ্ছে বঙ্গবন্ধুর বায়োপিকের টিজার

কান চলচ্চিত্র উৎসবে প্রকাশ করা হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: দ্য মেকিং অফ আ নেশন’ এর টিজার ।
যুক্তরাষ্ট্রের সাময়িকী ভ্যারাইটিকে দেয়া এক সাক্ষাৎকারে সিনেমাটির পরিচালক শ্যাম বেনেগাল জানান, ‘বর্তমানে সিনেমাটির পোস্ট-প্রোডাকশন চলছে। বিশ্ব চলচ্চিত্রের বাজার ধরতে মে মাসে কান উৎসবে সিনেমাটির একটি টিজার উন্মোচন করা হবে। কেননা বিশ্বের যে কোনো উৎসবের তুলনায় বেশি পরিবেশক উপস্থিত থাকেন এই উৎসবে। আশা করছি কানের পরিবেশকেরা সিনেমাটির প্রতি আগ্রহী হবেন।’
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘মুজিব’ সিনেমার অফিসিয়াল পোস্টার প্রকাশ করা হয়। পোস্টারে ১৯৭১ সালের ৭ মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে দেওয়া বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মুহূর্তটি তুলে ধরা হয়েছে।
‘মুজিব’ বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। শেখ হাসিনার চরিত্রে আছেন নুসরাত ফারিয়া, বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়াও শতাধিক অভিনয় শিল্পী কাজ করছেন সিনেমাটিতে।
সিনেমাটিতে সহযোগী পরিচালক হিসেবে আছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন পিয়া বেনেগাল।
এসএ


