আয়কর রিটার্ন জমা না দিলে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ কাটা যেতে পারে

আয়কর রিটার্ন জমা না দিলে গ্যাস, বিদ্যুৎসহ বিভিন্ন পরিষেবার সংযোগ কেটে দেওয়ার ক্ষমতা কর কর্মকর্তাদের দেওয়া হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তুত করা আয়কর নির্দেশিকায় এ বিধান যুক্ত করা হয়েছে।
এনবিআর সূত্র জানায়, করযোগ্য আয় থাকা সত্ত্বেও রিটার্ন জমা না দিলে বা রিটার্ন জমার বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও তা না করলে কর কর্মকর্তারা বাসাবাড়ি বা প্রতিষ্ঠানের গ্যাস-বিদ্যুতের মতো পরিষেবা সংযোগ বিচ্ছিন্ন করতে পারবেন।
নির্দেশিকায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন না দিলে করদাতা পাঁচ ধরনের ব্যবস্থার মুখোমুখি হতে পারেন—
১. আয়কর আইনের ২৬৬ ধারা অনুযায়ী জরিমানা,
২. ১৭৪ ধারা অনুযায়ী কর অব্যাহতির সুযোগ সীমিত হওয়া,
৩. মাসিক ২ শতাংশ হারে অতিরিক্ত কর পরিশোধের বাধ্যবাধকতা,
৪. পরিষেবা সংযোগ বিচ্ছিন্ন হওয়া,
৫. বেতন-ভাতা প্রাপ্তিতে জটিলতা সৃষ্টি।
বর্তমানে ১ কোটি ১২ লাখ কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) থাকলেও বছরে প্রায় ৪০ লাখ করদাতা রিটার্ন দেন। গত অর্থবছরে ১৭ লাখ করদাতা অনলাইনে রিটার্ন জমা দেন, যাদের মধ্যে ৭০ শতাংশ করদাতা কোনো কর পরিশোধ করেননি, তবে রিটার্ন দিয়েছেন।



